ফেডারেশন কাপে প্রথম দিনেই নাটক, ব্রাদার্স ও আবাহনীর খেলা পেছাল বাফুফে
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৫ AM

গত কয়েক বছর ঘরোয়া ফুটবলের সূচি হঠাৎ বদলের সংস্কৃতি থেকে অনেকটা বেরিয়ে এসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এবার আবার শুরু হয়েছে সেই পুরোনো সংস্কৃতি।
মোহামেডানের আবেদনের ভিত্তিতে গত পরশু তাদের লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ পেছানোয় আবাহনী ও ব্রাদার্স তাদের খেলা পেছাতে আবেদন করে। দুই দলেরই আজ ফেডারেশন কাপের প্রথম দিনে ম্যাচ ছিল সূচিতে।
আজ সকাল সোয়া ১০টায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানায়, ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচটি আজ হবে না। মানিকগঞ্জে আজ বেলা তিনটায় শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ। আগামীকাল একই ভেন্যুতে ম্যাচটি হবে বলে জানায় বাফুফে। এরপর বেলা ১২টা ৬ মিনিটে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানায়, মুন্সিগঞ্জে আজ বেলা তিনটায় আবাহনী লিমিটেড বনাম নবাগত চট্টগ্রাম সিটির ম্যাচটিও একদিন পিছিয়ে আগামীকাল একই ভেন্যুতে হবে।
তবে ম্যাচ এত কম সময় পেছানোর সিদ্ধান্তে খুশি নয় আবাহনী। ক্লাবটির ফুটবল দলের ম্যানেজার শহীদ হোসেন স্বপন প্রথম আলোকে বলেন, ‘একদিন খেলা পেছানো বা না পেছানোয় কোনো পার্থক্য নেই। এত কম সময় পেছানোয় আমরা খুশি নই। আগামীকালও এই ম্যাচ খেলব কি না সেটা সন্ধ্যায় ক্লাবের উর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’
স্বপন যোগ করেন, ‘প্রস্তুতির ঘাটতি নিয়েই ১৮ ও ১৯ সেপ্টেম্বর লিগের প্রথম রাউন্ডের ম্যাচ খেলেছে আবাহনীসহ অন্য দলগুলো। সেই রাউন্ডে মোহামেডানের ম্যাচ রাখা হয়নি। এখন তাদের লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ সাত দিন করে পিছিয়েছে। অথচ আমাদের ফেডারেশনের কাপের ম্যাচ পেছানো হলো মাত্র একদিন। নিয়ম সবার জন্যই সমান হওয়া উচিত।’
ফেডারেশন কাপের প্রথম দিনের সূটিতে আবাহনী, ব্রাদার্স ছাড়াও ফর্টিস এফসি ম্যাচ রয়েছে। গোপালগঞ্জে তাদের প্রতিপক্ষ ফকিরেরপুল ইয়ংমেনস।
মোহামেডানের অনুরোধে বাংলাদেশ লিগে তাদের প্রথম রাউন্ডের ম্যাচ ও ফেডারেশন কাপে প্রথম ম্যাচ পরশু পিছিয়ে দেয় বাফুফে। ১৩ দলের লিগে এমনিতেই প্রথম রাউন্ডে বিরতি পেয়েছিল মোহামেডান। আগের সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর লিগে দ্বিতীয় রাউন্ডে মোহামেডানের প্রথম ম্যাচ রাখা হয় চাঁদপুরে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে। তবে জাতীয় দলের খেলোয়াড় না পাওয়া এবং প্রস্তুতির অভাব দেখিয়ে ম্যাচ পেছানোর আবেদন করে ক্লাবটি।
বাফুফে সেই অনুরোধ রেখে মোহামেডানের ২৫ সেপ্টেম্বরের লিগ ম্যাচটি পিছিয়ে ২ অক্টোবর এবং ২৯ সেপ্টেম্বর ফেডারেশন কাপের ম্যাচ (আরামবাগের বিপক্ষে) পিছিয়ে ৬ অক্টোবর নির্ধারণ করে গতকাল মোহামেডানকে চিঠি দেয়।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনের পক্ষে আয়ারল্যান্ড কোচের মন্তব্যকে ‘মূর্খতা’ বলল ইসরায়েল
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রথম আলো
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্রুততম ১০০ গোল: রোনালদো–কেইনের সঙ্গে আর কারা
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৫ AM · প্রথম আলো
সংবাদ সম্মেলনে ছবি প্রিন্ট করে নিয়ে এলেন মরিনিও, রেফারিং নিয়ে অসন্তোষ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৮ AM · প্রথম আলো
