প্লেব্যাক থেকে বিরতির পর নতুন গানে অরিজিৎ
১ নভেম্বর, ২০২৬ এ ৯:১৪ AM

চলতি বছরের শুরুর দিকে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরিজিৎ সিং। তখন তার অসংখ্য ভক্ত বিস্মিত হয়ে পড়েন এবং বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়।
তবে এবার কিছুদিনের বিরতীর পর নতুন গান নিয়ে আসছেন তিনি। শাহরুখের ‘কিং’ ছবিতে গেয়েছেন অরিজিৎ। শোনা যাচ্ছে, আগামী ২ নভেম্বর, অভিনেতার ৬১তম জন্মদিনেই মুক্তি পেতে পারে ‘কিং’-এর সেই প্রথম গান।
শাহরুখের আগামী ছবি ‘কিং’ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এ বার সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিল ছবির প্রথম গান প্রকাশের খবর। ফলে শাহরুখ ও অরিজিতের জুটি ফের পর্দায় ফিরছে, এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২ নভেম্বর গানটি প্রকাশের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। ছবির প্রচার পর্বেও এই গান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। যদিও এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ছবির ট্রেলার অবশ্য আরও পরে প্রকাশ করা হবে বলে খবর।
এর আগে সেপ্টেম্বর মাসে অনুরাগীদের সঙ্গে এক্স-এ প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন শাহরুখ। সেখানে এক অনুরাগী ‘কিং’-এর গান প্রকাশের অনুরোধ করেন। উত্তরে অভিনেতা জানান, অরিজিৎ সিং গানটির শেষ মুহূর্তের কাজ করছেন। তার কথায়, অরিজিৎ একজন পারফেকশনিস্ট। তাই নিজের মতো করে গানটিকে নিখুঁত করতে সময় নিচ্ছেন তিনি। শাহরুখের এই মন্তব্য থেকেই ছবিতে অরিজিতের গান থাকার বিষয়টি সামনে এসেছিল।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসি এবং অভয় বর্মাকে। এই ছবির অন্যতম আকর্ষণ শাহরুখ ও তার মেয়ে সুহানার প্রথম পর্দার জুটি। পাশাপাশি ‘পাঠান’-এর পর ফের সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করছেন শাহরুখ।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বাগ্দানের চার মাসেই বিচ্ছেদের গুঞ্জন, জিয়া শঙ্করের রহস্যময় পোস্ট
১ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
১ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
