প্রাপ্তবয়স্কদের নিয়ে আলোচিত ‘অ্যাডাল্টস ড্রিম’ গানে কী আছে
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৯ AM

দক্ষিণ কোরিয়ার গায়িকা কিম হেরিম নতুন গান নিয়ে সংগীতাঙ্গনে ফিরেছেন। ‘অ্যাডাল্টস ড্রিম’ শিরোনামের এই গানে ক্লান্ত প্রাপ্তবয়স্কদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আবার স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছেন তিনি।
৬ সেপ্টেম্বর বিভিন্ন অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করেন কিম হেরিম। গানটি প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের নজর কেড়েছে।
‘অ্যাডাল্টস ড্রিম’ একটি প্রাণবন্ত জে-রক ঘরানার গান। এতে নিজের শৈশবের কথা যেমন মনে করেছেন কিম হেরিম, তেমনি বর্তমানের নিজের কথাও বলেছেন।
জীবনের নানা চাপের মধ্যেও যে মানুষটি থেমে না গিয়ে সামনে এগিয়ে চলেছে, গানটি যেন তাকে উৎসর্গ করেছেন তিনি। শক্তিশালী ব্যান্ডের সুরের সঙ্গে তাঁর আবেগঘন কণ্ঠ গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
গানটির কথায় উঠে এসেছে বড় হয়ে যাওয়ার পরের কঠিন বাস্তবতা। শৈশবের সরলতা ও আনন্দ ভুলে অনেক প্রাপ্তবয়স্ক মানুষই জীবনের নানা চাপে ক্লান্ত হয়ে পড়েন।
কখনো কখনো তাঁদের সবকিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছা করে। এমন মানুষদেরই আবার ঘুরে দাঁড়ানোর কথা বলেছে গানটি।
সময় যত যায়, জীবনের নানা বাধা আরও কঠিন মনে হতে পারে। তারপরও অতীতের সুন্দর স্মৃতিগুলোকে শক্তি হিসেবে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা রয়েছে ‘অ্যাডাল্টস ড্রিম’-এ। তাই গানটি শুধু আনন্দ দেয় না, শ্রোতাদের মনে আশা ও সাহসও জাগায়।
কিম হেরিমের এজেন্সি ডাবল রিং মিউজিক জানিয়েছে, বাস্তবতার চাপে মানুষ যে স্বপ্ন ও আশা ভুলে যায়, সেগুলো আবার মনে করিয়ে দেওয়ার জন্যই গানটি তৈরি করা হয়েছে।
এজেন্সিটির ভাষ্য, প্রাণবন্ত জে-রক সুরের সঙ্গে গানের আন্তরিক কথাগুলো বর্তমান সময়ের ব্যস্ত ও ক্লান্ত মানুষের মনে গভীর ছাপ ফেলবে। একই সঙ্গে গানটি তাঁদের মনে নতুন করে এগিয়ে যাওয়ার শক্তি ও স্বস্তি দেবে।
চোসন ডেইলি অবলম্বনে
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
নকল ‘বেবি বাম্প’ বলে দীপিকাকে কটাক্ষ, নিন্দুকদের জবাব দিলেন নায়িকা
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩১ PM · বাংলা ট্রিবিউন
যৌন নিপীড়ন, গোপনে ভিডিও ধারণ, অশালীন ভঙ্গিসহ অভিনেতার বিরুদ্ধে নানা অভিযোগ
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৫ AM · প্রথম আলো
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৫ AM · বাংলা ট্রিবিউন
সবাই নিষেধ করলেও বিপাশা বেছে নিয়েছিলেন প্রাপ্তবয়স্কদের ‘জিসম’
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ AM · প্রথম আলো
