প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৭ PM

যুক্তরাজ্যে এক সপ্তাহের সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (১৩ নভেম্বর) তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
বুধবার (১১ নভেম্বর) এনসিপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়কের এটিই প্রথম যুক্তরাজ্য সফর। নাহিদ ইসলামের সঙ্গে আরও যাচ্ছেন দলের যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
সোমবার (৯ নভেম্বর) পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।
তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠকের পাশাপাশি ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানবাধিকার সুরক্ষায় টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।
সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন এবং ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।
সফরে যুক্তরাজ্যের প্রাণবন্ত ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে আরও ঘনিষ্ঠভাবে জানা এবং তাদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শোনাকে বিশেষ অগ্রাধিকার দেবেন নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
শিক্ষার সঙ্গে বিবেক, মনুষ্যত্ব ও প্রশ্ন করার সক্ষমতার সমন্বয় ঘটানো জরুরি: রিজভী
১১ নভেম্বর, ২০২৬ এ ৩:১২ PM · বাংলা ট্রিবিউন
ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
১১ নভেম্বর, ২০২৬ এ ১:০৮ AM · বাংলা ট্রিবিউন
হাসিবের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে স্বেচ্ছাসেবক শক্তির মশাল মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:১৯ PM · বাংলা ট্রিবিউন
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৫ PM · বাংলা ট্রিবিউন
