শাহজাদপুর সংবাদ

পাবনা মানসিক হাসপাতাল থেকে দালাল চক্রের ৬ সদস্য আটক

১৫ নভেম্বর, ২০২৬ এ ৯:০৭ PM

পাবনা মানসিক হাসপাতাল থেকে দালাল চক্রের ৬ সদস্য আটক

পাবনা প্রতিনিধি : পাবনা মানসিক হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই)। রবিবার (১৫ নভেম্বর) সকালে পাবনা মানসিক হাসপাতাল চত্বরে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে দালাল চক্রের ৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

জেলা প্রশাসন ও এনএসআই সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্দেশে এনএসআইয়ের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে ৫ জন দালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. হাবিল মণ্ডল (৬৫), মো. বিপুল (৪২), জুয়েল হোসেন (৩২), সুজন আলী (৪২) এবং ওয়ারেস (৪০)। তাদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায়।

চক্রের অপর সদস্য মো. হাফিজুর রহমান মাহফুজকে (৪০) আটক করে তার বিরুদ্ধে পাবনা সদর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের অসহায় ও সাধারণ রোগীদের বিভিন্নভাবে জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি দালাল চক্র।

বিষয়টি নিয়ে এনএসআই, পাবনার একটি টিম বেশ কিছুদিন ধরে গোপন অনুসন্ধান চালায় এবং দালালদের অপতৎপরতা সম্পর্কে নিশ্চিত হয়।

পরবর্তীতে কর্তৃপক্ষের অনুমতিক্রমে জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে এনএসআই, পাবনা কার্যালয়ের ১ জন উপপরিচালক, ২ জন ফিল্ড অফিসারসহ মোট ১২ জন সদস্য এবং থানা পুলিশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

The post পাবনা মানসিক হাসপাতাল থেকে দালাল চক্রের ৬ সদস্য আটক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ