পঁচাত্তরের ৭ নভেম্বর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু: জহির উদ্দিন স্বপন
১৫ নভেম্বর, ২০২৬ এ ১:৫৭ PM

১৯৭৫ সালের ৭ নভেম্বর থেকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন এসব কথা বলেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এই সভা হয়।
জহির উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। একই সঙ্গে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সূচনা করেছিলেন তিনি।
বর্তমান বৈশ্বিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে সংহতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, প্রবাসে থেকেও বিএনপির নেতা-কর্মীরা দেশের গণতন্ত্র ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি জসিম উদ্দিন। সভায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য নওশাদ জমির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের যৌথ আয়োজনে ১৫ নভেম্বর এক আলোচনা সভা হয়। নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের মিলনায়তনে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জহির উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে সিপাহি-জনতার ঐতিহাসিক সংহতির চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
জহির উদ্দিন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক যাত্রার পথে যে ঐতিহাসিক মোড় তৈরি হয়েছিল, বর্তমান সময়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংস্কারে সেই চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। ১৯৭৫ সালের ৭ নভেম্বর কোনো একক গোষ্ঠীর ঘটনা ছিল না, এটি ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ঐক্যের বহিঃপ্রকাশ। সেই বিপ্লবের মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র ও উৎপাদনমুখী রাজনীতির পথ উন্মুক্ত হয়েছিল।
দেশের ক্রান্তিকাল ও অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বর্তমান সরকারের উন্নয়ন ও সংস্কারের ধারা বেগবান করতে প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের আইনবিষয়ক কমিটির সভাপতি নওশাদ জমির, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।
নওশাদ জমির তাঁর বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও সাংবিধানিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় সংহতি বজায় রেখে আইনের শাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই এখন সময়ের প্রধান দাবি।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক তাঁর বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এবং দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন।
ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা মুক্ত গণমাধ্যম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
১৫ নভেম্বর, ২০২৬ এ ৪:২৬ PM · বাংলা ট্রিবিউন
নিষিদ্ধ ছাত্রলীগ ফোনে হুমকি দিয়েছে, গালিগালাজ করেছে, জানালেন সামান্তা শারমিন
১৫ নভেম্বর, ২০২৬ এ ২:২২ PM · প্রথম আলো
কেমব্রিজে একক আলোচনা সভায় বক্তব্য রাখলেন নাহিদ ইসলাম
১৫ নভেম্বর, ২০২৬ এ ৫:২৮ AM · বাংলা ট্রিবিউন
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে বিএনপির কমিটি
১৫ নভেম্বর, ২০২৬ এ ৪:১৩ AM · বাংলা ট্রিবিউন
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আওয়ামী নির্যাতনের শিকার বিএনপি নেতা
১৫ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৮ AM · বাংলা ট্রিবিউন
