শাহজাদপুর সংবাদ

নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সাবেক উপাচার্যসহ ৫ জনকে দুদকে তলব

১৪ আগস্ট, ২০২৬ এ ১১:২৭ AM

নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সাবেক উপাচার্যসহ ৫ জনকে দুদকে তলব

শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক উপাচার্যসহ ৫ শিক্ষক-কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রণীত নিয়োগ নীতিমালা না মেনে শিক্ষক নিয়োগের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে এ–সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।‌

এর আগে গত ১১ আগস্ট দুদক থেকে ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. জাহেদ আলম।

তলব করা ব্যক্তিরা হলেন নোবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল, সাবেক সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজওয়ানুল হক, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. জামসেদুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক শ্রাবন্তী দত্ত ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। ১৯ আগস্ট তাঁদের প্রত্যেককে সশরীর দুদকের অনুসন্ধান কর্মকর্তার সামনে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

দুদকের চিঠিতে বলা হয়, নোবিপ্রবিতে নিয়োগ নীতিমালা অমান্য করে শিক্ষক নিয়োগের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ওই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন। নির্ধারিত তারিখে জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত হয়ে অনুসন্ধানকারী কর্মকর্তার নিকট বক্তব্য প্রদান করতে হবে। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।

চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন দুদক নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, ওই ব্যক্তিদের বিরুদ্ধে নিয়োগ নীতিমালা অমান্য করে শিক্ষক নিয়োগের অভিযোগ রয়েছে। যার পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি বিষয়টির অনুসন্ধান করবেন।

চিঠি পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। তিনি বলেন, চিঠির বিষয়টি এরই মধ্যে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ