শাহজাদপুর সংবাদ

নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে

৪ নভেম্বর, ২০২৬ এ ১:২৭ AM

নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে

নিজের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে ছবি ও ভিডিও তৈরির সুযোগ চালু করেছে জেমিনাই। জেমিনাই অ্যাপের নতুন ‘পারসোনাল অ্যাভাটার’–সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের চেহারা ও কণ্ঠস্বরের আদলে ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে পারবেন। পরে সেই অ্যাভাটার ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও তৈরি করা যাবে। ফলে প্রতিবার নতুন করে নিজের ভিডিও ধারণ করার প্রয়োজন হবে না।

নতুন এ সুবিধার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, নিজের তৈরি অ্যাভাটার অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে। বন্ধু, পরিবারের সদস্য কিংবা সহকর্মীদের জিমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠিয়ে অ্যাভাটার ব্যবহারের অনুমতি দেওয়া যাবে। ফলে তারাও নিজেদের তৈরি এআই ছবি ও ভিডিওতে অ্যাভাটারের মালিকের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করতে পারবেন। তবে কে অ্যাভাটার ব্যবহার করতে পারবেন এবং কত দিন পর্যন্ত ব্যবহারের অনুমতি পাবেন, তা নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাভাটারের মালিক।

গুগলের তথ্যমতে, ব্যক্তিগত অ্যাভাটার তৈরির জন্য প্রথমে নিজের চেহারার ছবি তোলার পাশাপাশি কণ্ঠস্বর ধারণ করতে হবে। কম্পিউটার থেকে এ প্রক্রিয়া শুরু করলে জেমিনাই একটি কিউআর কোড দেখাবে। স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে কোডটি স্ক্যান করার পর ফোনে কণ্ঠস্বর ধারণ করতে হবে। এরপর জেমিনাইয়ের মাধ্যমে অ্যাভাটার তৈরি হয়ে গেলে সেটি পরে নতুন ছবি ও ভিডিও তৈরির সময় ব্যবহার করা যাবে। তবে ব্যক্তিগত অ্যাভাটার ব্যবহার করে ভিডিও তৈরির জন্য প্রয়োজন হবে গুগল এআই প্ল্যান।

নিজের অ্যাভাটার অন্য কাউকে ব্যবহারের সুযোগ দিতে হলে তাঁর জিমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠাতে হবে। আমন্ত্রণ গ্রহণ করা ব্যক্তিরা অ্যাভাটারটি নিজের তৈরি এআই কনটেন্টে ব্যবহার করতে পারবেন। অ্যাভাটার ব্যবহারের অনুমতি নিয়ন্ত্রণের জন্য জেমিনাইয়ের সেটিংসে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সেখান থেকে নির্দিষ্ট সময়ের জন্য অ্যাভাটার ব্যবহারের অনুমতি দেওয়া যাবে। প্রয়োজনে যেকোনো সময় সেই অনুমতি বাতিলও করতে পারবেন অ্যাভাটারের মালিক। অনুমতি বাতিলের পর সংশ্লিষ্ট ব্যক্তি নতুন করে ওই অ্যাভাটার কাজে লাগিয়ে নতুন ছবি বা ভিডিও তৈরি করতে পারবেন না। তবে আগে তৈরি করা ছবি ও ভিডিওগুলো অক্ষত থাকবে। অর্থাৎ অ্যাভাটার ব্যবহারের অনুমতি প্রত্যাহার করলেও আগে তৈরি কনটেন্ট মুছে যাবে না।

সূত্র: নিউজ১৮

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে | শাহজাদপুর সংবাদ