শাহজাদপুর সংবাদ

‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের

৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০০ AM

‘নারীদের অপমান নয়’, কড়া বার্তা বিজয়ের

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা অভিনেতা থালাপতি বিজয়। তিনি স্পষ্ট করে দিয়েছেন, স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ, অশ্লীল মন্তব্য বা নারীদের হেয় করার ভাষা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

রবিবার তামিলনাড়ু বিধানসভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনায় বক্তব্য রাখার সময় বিজয় এমন বার্তা দিয়েছেন।

বিজয় বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের ব্যক্তিগত অধিকার। তবে সেই স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে প্রত্যেককে দায়িত্বশীল ও সতর্ক হতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে এবং বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর সমালোচনাও করা যেতে পারে। কিন্তু সেই সমালোচনা কখনও যেন ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে না যায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।’

তিনি আরও জানান, নারীদের নিয়ে অশ্লীল বা মানহানিকর মন্তব্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তামিলনাড়ুর জনপরিসরে অশ্লীল, বিদ্বেষপূর্ণ এবং কুরুচিকর ভাষার ব্যবহার বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন বিজয়।

তার মতে, রাজনৈতিক উত্তেজনা যতই থাকুক না কেন, জনপরিসরে ব্যবহৃত ভাষার একটি নির্দিষ্ট সীমা থাকা প্রয়োজন। রাজনৈতিক বিতর্ককে ব্যক্তিগত আক্রমণে পরিণত করলে তা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিকে অপমান করে না, একইসঙ্গে রাজনৈতিক পরিবেশ এবং সামাজিক পরিসরকেও প্রভাবিত করে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ