শাহজাদপুর সংবাদ

নারী কর্মীদের আইফোন ডুও উপহার দিলেন এমডি

৭ নভেম্বর, ২০২৬ এ ১২:০৩ PM

নারী কর্মীদের আইফোন ডুও উপহার দিলেন এমডি

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের নারী কর্মীদের নতুন আইফোন উপহার দিয়ে চমকে দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাছিনা নিশাদ। কেরালায় জন্ম নেওয়া এই নারী কর্মকর্তার এমন উদ্যোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে ২০ লাখের বেশি বার দেখা হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নারী কর্মীদের জন্য বিশেষ চমকের আয়োজন করেছেন হাছিনা নিশাদ। এ জন্য প্রতিষ্ঠানের কর্মীদের একটি সম্মেলনকক্ষে ডেকে আসন গ্রহণ করতে বলা হয়। তবে সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল অন্যরকম এক চমক।

কর্মীরা চেয়ারে বসতে গিয়ে দেখতে পান, টেবিলের নিচে তাদের আসনের ওপর রাখা রয়েছে সুন্দরভাবে মোড়ানো উপহারের বাক্স। বাক্স খুলতেই বেরিয়ে আসে নতুন আইফোন। হঠাৎ এমন উপহার পেয়ে কর্মীদের মধ্যে বিস্ময় ও আনন্দ ছড়িয়ে পড়ে। তারা একে একে উপহারের মোড়ক খুলতে শুরু করেন। পুরো কক্ষজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

তবে চমকের পর্ব সেখানেই শেষ হয়নি। ভিডিওর আরেকটি দৃশ্যে দেখা যায়, প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী এক নারী হাছিনা নিশাদকে শরবত পরিবেশন করছেন। এ সময় তাকেও একটি আইফোন উপহার দেওয়া হয়। এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই কর্মী। তিনি নিশাদকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরে দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়।

ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করে হাছিনা নিশাদ নারীদের এগিয়ে যাওয়া এবং স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার নিজের ইচ্ছার কথা তুলে ধরেন। তিনি লেখেন, প্রতিটি নারীরই নিজস্ব স্বপ্ন, দায়িত্ব ও নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তার প্রত্যাশা, প্রত্যেক নারী আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং নিজেদের স্বপ্ন পূরণ করবেন।

নিশাদ আরও লেখেন, অন্য একজন নারীকে বেড়ে উঠতে, সফল হতে এবং নিজের যোগ্যতায় উজ্জ্বল হতে দেখার চেয়ে গর্বের আর কিছু নেই। একজন নারী এগিয়ে গেলে তিনি অন্য আরেকজন নারীকে এগিয়ে যাওয়ার সাহস জোগান।

কর্মীদের দামি উপহার দেওয়ার ঘটনা অবশ্য এই প্রথম নয়। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত আরেকটি ভিডিওতেও একই ধরনের আয়োজন দেখা গিয়েছিল। সেখানে হাছিনা নিশাদের স্বামী ও প্রতিষ্ঠানটির মালিক নিশাদ হুসাইনকে কর্মীদের হাতে মোড়ানো উপহারের বাক্স তুলে দিতে দেখা যায়। সেসব বাক্সেও ছিল আইফোন।

দুটি ভিডিওই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীকেও উপহারের আয়োজনে অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রশংসা পেয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ