নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম
২ অক্টোবর, ২০২৬ এ ৮:৪৯ AM

অর্থনীতিবিদ ও গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম গবেষণাপ্রতিষ্ঠান নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। চলতি অক্টোবর মাস থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নলেজ হাব ইনস্টিটিউট জানিয়েছে, অর্থনীতি, নীতি গবেষণা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণা ও নীতিগত সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কাজের প্রধান চারটি ক্ষেত্র হলো—পরিচ্ছন্ন জ্বালানি, সামষ্টিক অর্থনীতি ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা, অর্থ ও ব্যাংকিং এবং কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন।
খন্দকার গোলাম মোয়াজ্জেম অর্থনৈতিক গবেষণা, জননীতি ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন। নলেজ হাব ইনস্টিটিউটে যোগ দেওয়ার আগে তিনি বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
গবেষণা ও নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে খন্দকার গোলাম মোয়াজ্জেমের। তার গবেষণার অন্যতম ক্ষেত্র উৎপাদনশীল খাতের প্রতিযোগিতা সক্ষমতা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উন্নয়ন, শ্রম অধিকার ও কর্মসংস্থান সৃষ্টি। এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি রূপান্তর, আন্তর্জাতিক বাণিজ্য, বেসরকারি বিনিয়োগ এবং সামাজিক সুরক্ষাসহ উন্নয়ন ও অর্থনৈতিক নীতির বিভিন্ন বিষয়েও তিনি কাজ করেছেন।
খন্দকার গোলাম মোয়াজ্জেম জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে এরিয়া স্টাডিজ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
নতুন দায়িত্ব সম্পর্কে প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নলেজ হাব ইনস্টিটিউট গবেষণা, জ্ঞান ও নীতিগত বিশ্লেষণের মাধ্যমে অর্থনীতি ও উন্নয়ন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করবে। বিশেষ করে জ্বালানি, সামষ্টিক অর্থনীতি, আর্থিক খাত এবং কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
রুপি ও শেয়ারবাজারে পতন, তবু ভারতের ধনীদের সম্পদ ১ ট্রিলিয়ন ডলার
২ অক্টোবর, ২০২৬ এ ৯:৩০ AM · প্রথম আলো
