শাহজাদপুর সংবাদ

ধর্মের ভুল ব্যাখ্যা যেভাবে সমাজে সংকট তৈরি করে

৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৬ AM

ধর্মের ভুল ব্যাখ্যা যেভাবে সমাজে সংকট তৈরি করে

ধর্ম মানুষের জীবনে নৈতিকতা, মানবিকতা, ন্যায়বিচার ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক পরিসর—সর্বত্র ধর্মের ইতিবাচক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধর্ম মানুষকে সত্যের পথে চলতে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে এবং মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করতে উদ্বুদ্ধ করে। কিন্তু যখন ধর্মের প্রকৃত শিক্ষা উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থ, সংকীর্ণ চিন্তা কিংবা গোষ্ঠীগত আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তখন ধর্মের অপব্যাখ্যা সমাজে নানা সংকটের জন্ম দেয়।

ধর্মের নামে বিভেদ, বিদ্বেষ, অসহিষ্ণুতা ও অন্যায়ের বিস্তার শুধু সামাজিক সম্প্রীতিই নষ্ট করে না বরং মানুষের মধ্যে ধর্ম সম্পর্কে ভুল ধারণাও তৈরি করে।

ধর্মের অপব্যাখ্যা বলতে ধর্মীয় নির্দেশনা ও শিক্ষাকে যথাযথ জ্ঞান, প্রেক্ষাপট ও দলিল ছাড়া নিজের ইচ্ছা কিংবা স্বার্থ অনুযায়ী ব্যাখ্যা করাকে বোঝায়। অনেক সময় ব্যক্তিগত মতামতকে ধর্মের অবিচ্ছেদ্য বিধান হিসেবে উপস্থাপন করা হয়।

আবার কোনো বিশেষ গোষ্ঠীর চিন্তাধারাকে একমাত্র সঠিক পথ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়।

অথচ ধর্মীয় বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জ্ঞান, প্রজ্ঞা, নির্ভরযোগ্য দলিল ও সংশ্লিষ্ট বিষয়ের সামগ্রিক উপলব্ধি প্রয়োজন।

ইসলামে সঠিক জ্ঞান ছাড়া কোনো বিষয়ে কথা বলাকে নিরুৎসাহিত করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ–তাআলা বলেন, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ কোরো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এগুলোর প্রতিটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (সুরা ইসরা, আয়াত: ৩৬)

এই আয়াত ধর্মীয় বিষয়ে দায়িত্বশীল জ্ঞানচর্চার গুরুত্ব স্পষ্ট করে।

ধর্মের অপব্যাখ্যার অন্যতম কারণ হলো ধর্মীয় বিষয়ে অজ্ঞতা ও অপর্যাপ্ত জ্ঞান। কোনো আয়াত বা হাদিসের আংশিক বক্তব্য শুনে অনেকে সেটিকে পূর্ণাঙ্গ ধর্মীয় বিধান হিসেবে গ্রহণ করেন।

অথচ একটি আয়াত বা হাদিসের যথাযথ অর্থ বুঝতে হলে এর প্রেক্ষাপট, সংশ্লিষ্ট অন্যান্য দলিল এবং ইসলামের সামগ্রিক শিক্ষাও বিবেচনায় নিতে হয়।

ধর্মীয় জ্ঞান অর্জনের পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমের সংক্ষিপ্ত বক্তব্য, বিচ্ছিন্ন উদ্ধৃতি কিংবা যাচাইহীন প্রচারণার ওপর নির্ভর করলে ভুল ধারণা তৈরির আশঙ্কা বাড়ে। এর ফলে ব্যক্তি যেমন বিভ্রান্ত হন, তেমনি সমাজেও বিভ্রান্তি ও অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ে।

তাই ধর্মীয় বিষয়ে জানার জন্য নির্ভরযোগ্য আলেম, স্বীকৃত ধর্মীয় গ্রন্থ এবং প্রামাণ্য জ্ঞানসূত্রের আশ্রয় নেওয়া প্রয়োজন।

ইসলামে না জেনে সমাধান দেওয়াকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। নবীযুগের একটি মর্মস্পর্শী ঘটনা এর বড় প্রমাণ।

একবার এক সফরে এক সাহাবির মাথায় পাথর লেগে গভীর ক্ষত তৈরি হয়। ওই রাতেই তাঁর ওপর গোসল ফরজ হয়। প্রচণ্ড ঠান্ডা ও মাথায় জখম থাকায় তিনি সঙ্গীদের কাছে জানতে চান, এমন পরিস্থিতিতে গোসলের বদলে তায়াম্মুম করার কোনো সুযোগ আছে কি না।

সঙ্গীরা উত্তর দেন, পানি ব্যবহারের সুযোগ থাকলে তায়াম্মুমের কোনো বিধান নেই; তাঁকে গোসলই করতে হবে। সাহাবি তীব্র ঠান্ডায় ক্ষত মাথা নিয়েই গোসল করেন। এতে জখম তাজা হয়ে যায় এবং তিনি মারা যান।

সফর শেষে মদিনায় ফিরে সাহাবিরা ঘটনাটি নবীজিকে জানান। শুনে তিনি ক্ষুব্ধ ও ব্যথিত হন। বলেন, ‘তারা লোকটিকে হত্যা করেছে, আল্লাহ তাদের ধ্বংস করুন! জানা না থাকলে তারা জিজ্ঞেস করল না কেন? অজ্ঞতার উপশম তো কেবলই জিজ্ঞাসা করা।’

মহানবী (সা.) আরও জানান, ওই সাহাবির জন্য কেবল তায়াম্মুম করে ক্ষতের ওপর পট্টি বেঁধে মাসেহ করা এবং শরীরের বাকি অংশ ধুয়ে ফেলাই যথেষ্ট ছিল। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৩৬)

ধর্মের অপব্যাখ্যার সবচেয়ে ক্ষতিকর দিকগুলোর একটি হলো মানুষের মধ্যে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টি। মতপার্থক্য মানবসমাজের স্বাভাবিক বৈশিষ্ট্য। ধর্মীয় বিষয়েও ব্যাখ্যা ও উপলব্ধির পার্থক্য থাকতে পারে। কিন্তু মতপার্থক্যকে শত্রুতা ও সংঘাতে রূপ দেওয়া কোনোভাবেই কল্যাণকর নয়।

কেউ নিজের মতের বাইরে ভিন্ন কোনো মত প্রকাশ করলেই তাকে অপমান করা, হেয় করা কিংবা তার ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলার প্রবণতা সামাজিক সম্প্রীতি নষ্ট করে। এ ধরনের আচরণ মানুষের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও দূরত্ব বাড়ায়।

আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১০৩)

এই নির্দেশনা মুসলিম সমাজে ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্পর্ক রক্ষার গুরুত্ব তুলে ধরে।

ধর্ম মানুষের আবেগ ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এ কারণে ধর্মীয় আবেগকে ব্যবহার করে মানুষকে প্রভাবিত করা তুলনামূলক সহজ। কখনো ব্যক্তিগত স্বার্থ, সামাজিক প্রভাব কিংবা গোষ্ঠীগত উদ্দেশ্য পূরণের জন্য ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানো হয়।

কোনো বক্তব্যের সত্যতা যাচাই না করেই আবেগের বশবর্তী হয়ে প্রতিক্রিয়া দেখানো সমাজে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

ইসলাম আবেগের পাশাপাশি বিবেক, ন্যায়বিচার ও সত্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে নাও।’ (সুরা হুজুরাত, আয়াত: ৬)

এই নির্দেশনা বর্তমান তথ্যপ্রযুক্তির যুগেও অত্যন্ত প্রাসঙ্গিক।

ধর্মীয় জ্ঞানচর্চায় মতপার্থক্য নতুন কোনো বিষয় নয়। ইসলামের ইতিহাসেও বিভিন্ন বিষয়ে ফকিহ ও ধর্মতাত্ত্বিকদের মধ্যে মতভেদ দেখা গেছে। তবে জ্ঞানভিত্তিক মতপার্থক্য এবং বিদ্বেষমূলক বিভেদ এক বিষয় নয়।

কোনো বিষয়ে ভিন্নমত থাকলে যুক্তি, দলিল ও শালীন আলোচনার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরা উচিত। অন্যের সঙ্গে মতের মিল না হলেও তার প্রতি সম্মান, সৌজন্য ও শিষ্টাচার বজায় রাখা প্রয়োজন।

নবীজির জীবনেও কোমলতা, প্রজ্ঞা ও উত্তম আচরণের বহু দৃষ্টান্ত রয়েছে। তিনি মানুষকে কঠোরতা ও দুর্ব্যবহারের পরিবর্তে কোমলতা, সহজতা ও সুসংবাদের মাধ্যমে কল্যাণের পথে আহ্বান করতে শিক্ষা দিয়েছেন। (সহিহ বুখারি, হাদিস: ৬৯)

ধর্মের নামে বিভ্রান্তি, বিভেদ ও সামাজিক সংকট প্রতিরোধে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় নেতৃত্বের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া যেতে পারে।

মোটকথা, নির্ভরযোগ্য ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে এবং ধর্মীয় বিষয়ে কথা বলার আগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ জ্ঞান ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ধর্মীয় বক্তব্যে মানবিকতা, ন্যায়বিচার, সহনশীলতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিতে হবে।

ধর্মের নামে ব্যক্তিস্বার্থ ও গোষ্ঠীগত স্বার্থ প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সচেতন থাকা আমাদের সবার দায়িত্ব। তরুণ প্রজন্ম যেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুক্তিবোধ, নৈতিকতা ও তথ্য যাচাইয়ের শিক্ষা পায়, তা–ও নিশ্চিত করা জরুরি।

রায়হান আল ইমরান : আলেম, লেখক ও গবেষক

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ