দুই দিনে সোনার দাম কমল ভরিতে প্রায় ৫ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM

দেশের বাজারে পরপর দুই দিন কমানো হলো সোনার দাম। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর আগে গতকাল বুধবার কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। গত দুই দিনে সোনার দাম কমল প্রায় ৫ হাজার টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার নতুন দাম ঘোষণা করেছে। এর আগে গত শুক্রবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে শেষ তিন দফায় ভরিতে সোনার দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
আজকের দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত আছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলেছে, তেজাবি সোনার দাম কমেছে। মূল কারণ হলো, বিশ্ববাজারে দাম কমে যাওয়া।
গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও দাম বাড়ে। তবে এর পর থেকে আবার কমতে শুরু করেছে মূল্যবান এই ধাতুর দাম।
গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যানুসারে, গতকাল নিউইয়র্কের বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪৮ ডলার কমেছে। এতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আবারও ৪ হাজার ডলারের নিচে নেমে আসে। আজ এই প্রতিবেদন লেখার সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৩ হাজার ৯৭৩ ডলার।
৫ নভেম্বর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম একপর্যায়ে ৪ হাজার ১৪৬ ডলারে উঠেছিল। ২০ অক্টোবরের পর সেটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
চাকরির বাজারে বদলাচ্ছে পছন্দ, নতুন প্রজন্মের কাছে সবচেয়ে নিরাপদ কোন পেশা?
১২ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৮ AM · বাংলা ট্রিবিউন
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
১১ নভেম্বর, ২০২৬ এ ১০:২২ PM · বাংলা ট্রিবিউন
পাতে ভাত আর শাক পোশাকশ্রমিক শিল্পীর, বাড়িভাড়া দ্বিগুণ হওয়ায় সংসার চালানো কঠিন
১১ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৪ AM · প্রথম আলো
গোপনীয়তা রক্ষায় শীর্ষ নির্বাহীর দায়িত্ব: এনভিডিয়া থেকে শিক্ষা
১১ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
