‘দাম বাড়লে বাসি-নষ্ট সবজি কিনতে হয়’
২২ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM

রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টা। রাজধানীর মেরাদিয়ায় বাজার করতে এসেছেন গৃহিণী কানিজ ফাতিমা। প্রায় সকালেই টাটকা সবজি নিতে আসেন তিনি। সেখানেই কথা হয় তার সঙ্গে। ফাতিমা বলেন, কয়েকদিন আগে সবজির মূল্য একটু স্থিতিশিল ছিল। কিন্তু গতকাল থেকে আবারও দাম বাড়তির দিকে। আমাদের দেখার কেউ নাই। আমরা এখন এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। দাম বাড়লে তখন সস্তা খুঁজি। দেখা যায় বাসি, নষ্ট এগুলো কিনতে হয়।
কানিজ ফাতিমা মতোই বাজারে আসা আরেক ক্রেতারা বলছেন, গত শুক্রবার থেকে সবজির দাম বাড়তির দিকে। ওই দিন থেকে বিভিন্ন ধরনের সবজি ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
আশরাফুল ইসলাম বলেন, সকালে টাটকা সবজির জন্য বাজারে আসি। শুক্রবার থেকে সবজির দাম বাড়তি। কেন বাড়তি তার কোনও জবাব ব্যবসায়ীদের কাছে নাই।
বাজার ঘুরে দেখা গেছে, আলু ৩০, পটল ৫০-৬০, বেগুন প্রকার ভেদে ৮০-১৫০, সিম ১০০-২০০, ভেন্ডি ৮০, টমেটো ১৫০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০, চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ দেশি ১৪০ ও হাইব্রিডের কেজি ১০০ টাকা।
এছাড়া প্রতি পিস ফুলকপি ৫০ ও বাঁধকপি ৩০-৪০, লাউ ৬০-৭০, কাঁচা কলার হালি ৪০, লালশাক প্রতি আঁটি ১৫, কলমিশাক ২০, পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের মধ্যে লাল ডিম ১৩৫-১৪০, সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।
শুক্রবারের আগে সিম প্রতি কেজি ৬০-১০০ টাকার মধ্যে ছিল। আগের তুলনায় অন্যান্য সবজিও কেজি প্রতি ১০-২০ টাকা বাড়তি রয়েছে।
মাছের বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি ৪০০ থেকে ৫২০ টাকা, ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছ ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এছাড়া গরুর মাংস ৮২০, খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০, কক ৩৩০ ও দেশি মুরগি ৬৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে আসা মনিরুল ইসলাম বলেন, সবিজর বাজার আবার বাড়ছে। দাম কম থাকলে অন্তত মানুষ খেয়ে বাঁচতে পারবে। তা না হলে মানুষকে প্রয়োজনের তুলনায় কম খেতে হবে।
তিনি বলেন, ব্রয়লার মুরগি ১৭০-১৯০ টাকা কেজি। এটি আরও কমা উচিত। সাধারণ মানুষ ব্রয়লার কিংবা মাছের মধ্যে তেলাপিয়া, পাঙাস বেশি কেনে। সেটিও ৩০০ টাকা কেজির কাছাকাছি। আসলে জিনিষপত্রের দাম না কমলে মানুষের চলা কঠিন।
তিনি বলেন, আমরা গরিব মানুষ, দাম এভাবে হঠাৎ বেড়ে গেলে আমরা কীভাবে চলবো। আমাদের তো খেয়ে বাঁচতে হবে।
মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা কাওছার জানান, সবজির বাজার এখন একটু বাড়তির দিকে। আমরাই বেশি দামে কিনছি। এখন আমাদের কিছু করার নাই।
তিনি বলেন, সবজির সরবরাহ কম। এ কারণে দাম বেশি। আবার সরবরাহ বাড়লে কমে আসবে। কাঁচাবাজার এ রকমই উঠা-নামা করে।
আরেক বিক্রেতা আব্দুল হামিদ বলেন, গত কয়েক দিনের চেয়ে সবজির দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়লে আবার কমে আসবে।
মাছ ব্যবসায়ী সালাম বলেন, মাছের বাজার একটু চড়া। দাম বাড়তির দিকে। তেলাপিয়া, পাঙাস, ছোট রুই এগুলো ৩২০-৩৫০ টাকা কেজি। আসলে কোনও মাছের দামই ওইভাবে কমতির দিকে নাই।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা
২২ নভেম্বর, ২০২৬ এ ১১:০৩ AM · প্রথম আলো
এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম
২১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৯ PM · প্রথম আলো
চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকের ন্যূনতম মজুরি বাড়ল ৪,৮০০ টাকা
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
