দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা
৪ নভেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইক্যাপ) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল। ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই অধিবেশন।
এ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) সিউলের উদ্দেশে ঢাকা ছেড়েছে দলটির প্রতিনিধি দল।
বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির মিডিয়া সেল।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন— এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। অধিবেশনে যোগদানের পাশাপাশি তারা বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।
জানা গেছে এবারের অধিবেশনে অংশগ্রহণ করবেন ৩৯টি দেশের ৯২টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সম্মেলনের সহ আয়োজক দক্ষিণ কোরিয়ার প্রধান দুটি রাজনৈতিক দল— ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া এবং পিপল পাওয়ার পার্টি। সম্মেলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, গণতন্ত্র, সুশাসন ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
আইক্যাপ ২০০০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনের ম্যানিলায় প্রতিষ্ঠিত হয়। এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। রাজনৈতিক আদর্শ কিংবা সরকার ও বিরোধী দলে অবস্থানের পার্থক্য নির্বিশেষে দলগুলোর মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে আসছে সংস্থাটি।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
জিয়াউর রহমানের সমাধিতে চীনের কমিউনিস্ট পার্টির নেতার শ্রদ্ধা নিবেদন
৪ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৫ AM · বাংলা ট্রিবিউন
‘এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা’
৪ নভেম্বর, ২০২৬ এ ২:৩৯ AM · বাংলা ট্রিবিউন
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
৪ নভেম্বর, ২০২৬ এ ২:০১ AM · বাংলা ট্রিবিউন
সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
৪ নভেম্বর, ২০২৬ এ ১:৫৯ AM · বাংলা ট্রিবিউন
বিরোধী দলের চরিত্রহনন না করে ব্যর্থতা সামলান: সরকারের উদ্দেশে জামায়াত আমির
৩ নভেম্বর, ২০২৬ এ ৯:০৮ PM · প্রথম আলো
