শাহজাদপুর সংবাদ

তেলের দাম কমানো না হলে রাজপথে নামার হুঁশিয়ারি চরমোনাই পীরের

২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৩ PM

তেলের দাম কমানো না হলে রাজপথে নামার হুঁশিয়ারি চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, সরকার কোনও ধরনের পূর্বাভাস না দিয়েই রাতের আঁধারে তেলের দাম বাড়িয়েছে। এর প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে। গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটিগুলোর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, তেলের দাম বাড়ানোর ফলে গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় সরকারকে তেলের দামে ভর্তুকি দেওয়ার আহ্বান জানান তিনি।

গ্যাসের সংকটে মিল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষ বেকার হচ্ছে বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষ ভালো নেই।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, মানুষ বারবার বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তারা কথাও ভালো বলে। কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুফতি রেজাউল করীম। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট। অপরাধ সংঘটনের আগে সরকার অপরাধীদের নিবৃত্ত করতে পারছে না। আবার অপরাধের পর আটক ব্যক্তিরাও টাকার বিনিময়ে জামিনে বেরিয়ে যাচ্ছে। এতে দেশে খুন, শিশু নির্যাতন ও শিশু হত্যা বেড়েছে। এ বিষয়ে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৫টি উপকমিটির সদস্যদের শপথ পড়ান ইসলামী আন্দোলনের আমির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ