ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
২৭ নভেম্বর, ২০২৬ এ ৯:১৭ AM

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও তার সমর্থকদের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি। এ লক্ষ্যে পাঁচ কেন্দ্রীয় নেতাকে নিয়ে একটি বিশেষ টিম গঠন করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই টিমে রয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
দলীয় সূত্র জানায়, বুধবার (২৫ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন টিমের সদস্যরা। এরপরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফরিদপুর সাংগঠনিক বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সম্পাদক অথবা আহ্বায়ক-সদস্য সচিব, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা।
দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় টিমের সদস্যরা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। তাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের সদস্যরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগকে ঠেকাতে জোরেশোরে মাঠে নামছে বিএনপি-জামায়াত-এনসিপি
২৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · বাংলা ট্রিবিউন
কেউ আ.লীগের স্লোগান দিলে বা ‘জয় বাংলা’ বললে তাকে গ্রেপ্তার করে সাত বছরের কারাদণ্ড দিতে হবে: খোমেনী এহসান
২৭ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৯ PM · প্রথম আলো
বারবার হোঁচট খাওয়ার কারণেই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি: রিজভী
২৭ নভেম্বর, ২০২৬ এ ১২:২৯ PM · বাংলা ট্রিবিউন
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. মিলনের স্মৃতির প্রতি বিএনপির শ্রদ্ধা
২৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৮ AM · বাংলা ট্রিবিউন
১১ দলের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াত
২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৫০ PM · বাংলা ট্রিবিউন
