ডাববোঝাই নছিমন অতিক্রম করতে গিয়ে সংঘর্ষ, মোটরসাইকেলের তিন আরোহী নিহত
৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৭ AM

বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
গতকাল শনিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহত ব্যক্তিরা হলেন মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের মো. আমিন খান (২৩) ও একই গ্রামের সোহেব (১৬)।
ঘটনার বিবরণ দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে দৈবজ্ঞহাটির দিকে আসা একটি মোটরসাইকেল ডাববোঝাই একটি নছিমনকে অতিক্রম করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনটি উল্টে মোটরসাইকেল আরোহীদের ওপর পড়ে। ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। অপর এক আরোহীকে গুরুতর আহত অবস্থায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল সন্ধ্যার পর ৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল বলে জানান মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সিফাত খান। তিনি বলেন, তাঁদের মধ্যে তিনজন মৃত ছিলেন। আহত চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এবং গুরুতর আহত অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিলের তিন সহযোগী গ্রেপ্তার
৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রথম আলো
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০ জন, মুচলেকায় ছাড়া পেলেন ২৭৯ জন
৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৪০ AM · প্রথম আলো
সাক্ষাৎকারে মিথ্যা না বলতে ভিসাপ্রার্থীদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস
৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৪০ PM · প্রথম আলো
