জ্যোতিকা জ্যোতির পর এবার অভিনেতা তমাল মাহবুব আটক
২০ নভেম্বর, ২০২৬ এ ৯:৩৫ AM

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের এক দিনের মধ্যেই এবার গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে ছোটপর্দার অভিনেতা তমাল মাহবুবকে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তবে এখনো তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তমাল মাহবুবকে আটকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তমাল মাহবুবকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাঁকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
এর আগে গতকাল দিবাগত রাতে সংবাদমাধ্যমকে শফিকুল ইসলাম জানিয়েছিলেন, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুর এলাকা থেকে তমাল মাহবুবকে আটক করা হয়। পরে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত না জানালেও পরে শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, তমাল মাহবুবের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং আলোচিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই অভিনেতার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযোগের বিষয়ে তমাল মাহবুবের বক্তব্যও পাওয়া যায়নি।
এর আগে গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি এখন কারাগারে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিনোদন অঙ্গনে আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক তৈরি হয়। গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে।
গ্রুপটির সদস্যদের মধ্যে জ্যোতিকা জ্যোতির নামও ছিল। সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন এই অভিনেত্রী। তাঁর দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয়। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য বিনিময় করা হতো।
‘৪২০’ নাটক দিয়ে তমালের যাত্রাঅভিনয়ে আসার আগে শিক্ষকতা করতেন তমাল মাহবুব। ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামে নানার বাড়িতে তাঁর জন্ম। তবে বেড়ে ওঠা ঢাকার আজিমপুরে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা শেষ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে ঢাকার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন তিনি। ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটে বন্ধুদের সঙ্গে নিয়মিত আড্ডা দিতেন। সেই আড্ডার সূত্র ধরেই একসময় নাটকে অভিনয়ের সুযোগ পান।
২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ধারাবাহিক নাটক ‘৪২০’-এর মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন তমাল মাহবুব।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
পরিচালকের ‘আপত্তিকর স্পর্শ’, ভাইরাল ভিডিও নিয়ে জবাব দিলেন নায়িকা
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
খোলা চুলে সাহসী পোশাকে বলিউডের ছক ভেঙেছিলেন ‘সেক্স সিম্বল’ জিনাত
১৯ নভেম্বর, ২০২৬ এ ১২:০৫ PM · প্রথম আলো
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
১৯ নভেম্বর, ২০২৬ এ ১১:০৬ AM · বাংলা ট্রিবিউন
