শাহজাদপুর সংবাদ

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আলোচনায় নতুন তিন বিশ্ববিদ্যালয়ও

১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৪ AM

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আলোচনায় নতুন তিন বিশ্ববিদ্যালয়ও

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। গত বছরে যুক্ত থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নতুনভাবে আরও ২-৩টি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে বলেও জানা গেছে। তবে শিক্ষা কার্যক্রম প্রাথমিক পর্যায়ে থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের ওপর।

ঘোষণা অনুযায়ী, আগামী বছরের বি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ মার্চ; সি আর ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ মার্চ এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ভর্তি আবেদন ও অন্যান্য তথ্য পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গতকাল শুক্রবার গুচ্ছর ভর্তি পরীক্ষার মূল কমিটির আহ্বায়ক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান ভর্তির তথ্য নিশ্চিত করেন। এর আগে জিএসটি গুচ্ছর ভার্চ্যুয়ালি এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।

এদিকে গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে মোট আসন ছিল প্রায় সাড়ে ১৩ হাজার। এখন পর্যন্ত গত বছরের গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ই গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়নি। প্রক্রিয়াগত সব ঠিকঠাক থাকলে ২৩টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তি পরীক্ষা পরিচালিত হবে বলে জানা গেছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান বলেন, ভার্চ্যুয়ালি মিটিং ছিল। প্রথমদিকে ২০টি বিশ্ববিদ্যালয়ের ভিসির উপস্থিতিতে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়নি। সব ঠিকঠাক থাকলে নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নতুন তিন বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়া নিয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, নতুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিল না, যেহেতু আনুষ্ঠানিকভাবে যুক্ত নেই। তবে ব্যক্তিগতভাবে তাঁরা অবগত করেছেন। আগামী সপ্তাহে ইউজিসি থেকে ভর্তির ছাড়পত্র পেলেই দ্রুত যুক্ত হবে বলে আশাবাদী।

ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ২০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানিয়েছে নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় তিনটি এখনো শিক্ষা কার্যক্রমের প্রাথমিক পর্যায়ে রয়েছে। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নতুন বিশ্ববিদ্যালয়গুলো। যদিও ক্লাসরুম, শিক্ষক নিয়োগ ও সম্পূর্ণ প্রতিষ্ঠানিক রূপে ফিরে ২০২৬-২৭ বর্ষ থেকে যুক্ত হতে পারবে বলে জানান সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. তোজাম্মেল হোসেন বলেন, ‘নবীন তিন বিশ্ববিদ্যালয়ের আগ্রহটা আগেই জানিয়ে রাখা হয়েছে। কিছু প্রাতিষ্ঠানিক ফাংশন রয়েছে, যা দ্রুত পূর্ণ করে ২০২৬-২৭ বর্ষ থেকে গুচ্ছর আওতায় থাকতে পারব ইনশা আল্লাহ। ইতিমধ্যে ইউজিসিকে জানিয়ে রেখেছি। ক্লাসরুম, শিক্ষক নিয়োগ ও স্টাফ নিয়োগের ছাড়পত্র পেলেই দ্রুত কার্যক্রম শুরু করে দেওয়া যাবে।’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ