শাহজাদপুর সংবাদ

গাইবান্ধায় বিছানায় পড়ে ছিল মা ও ছেলের মরদেহ, এক নারী আটক

১৮ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৫ PM

গাইবান্ধায় বিছানায় পড়ে ছিল মা ও ছেলের মরদেহ, এক নারী আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বসতঘর থেকে মা ও শিশুছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি নিহত গৃহবধূর সতিন।

নিহত দুজন হলেন মা আঁখি বেগম (৩৫) ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে আদিল। আঁখি বেগম ওই গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী। আদিল তাঁদের তৃতীয় সন্তান। আবদুর রাজ্জাক ঠাকুরগাঁওতে রেলওয়ে বিভাগে চাকরি করেন।

পুলিশ জানায়, আঁখি বেগমের বড় মেয়ে গতকাল সকালে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সন্ধ্যায় সেখান থেকে ফিরে সে ঘরে বিছানার ওপর মা ও ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ সময় আঁখি বেগমের স্বামী আবদুর রাজ্জাক ঠাকুরগাঁওয়ে ছিলেন।

আজ বুধবার সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ