শাহজাদপুর সংবাদ

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরি করা যাবে গুগলের প্লেগ্রাউন্ড প্ল্যাটফর্মে

১১ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরি করা যাবে গুগলের প্লেগ্রাউন্ড প্ল্যাটফর্মে

নিজেদের পছন্দের গেম তৈরি করতে প্রোগ্রামিং জানা বা জটিল সফটওয়্যার ব্যবহার করতে হবে না আর। নিজের পছন্দের গেমটি কেমন হবে, তা সাধারণ ভাষায় লিখে জানালেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে গেম তৈরি করে দেবে গুগল ল্যাবসের তৈরি ‘প্লেগ্রাউন্ড’। প্ল্যাটফর্মটির মাধ্যমে গেম তৈরির পাশাপাশি সেগুলো খেলা ও অন্যদের সঙ্গে শেয়ারও করা যাবে বলে জানিয়েছে গুগল।

গুগলের তথ্যমতে, গেম তৈরিতে আগ্রহী, কিন্তু প্রোগ্রামিংয়ে দক্ষ নন, এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে প্লেগ্রাউন্ড প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মে কোড লেখার পরিবর্তে টেক্সট নির্দেশনার মাধ্যমে গেম তৈরি করা যাবে। পরে চ্যাটের মাধ্যমে নির্দেশনা দিয়েই গেমের বিভিন্ন উপাদান ও বৈশিষ্ট্যে পরিবর্তন আনার সুযোগ মিলবে।

গুগল প্লেগ্রাউন্ডে গেম তৈরির কাজ শুরু করা যাবে একেবারে খালি ক্যানভাস থেকে। চাইলে প্ল্যাটফর্মে দেওয়া নমুনা নির্দেশনাও ব্যবহার করা যাবে। গেম তৈরির পর এর খেলার নিয়ম, চরিত্র, গতিবিধি ও পরিবেশে পরিবর্তন আনার জন্য নতুন নির্দেশনা দেওয়া যাবে। পরিবর্তনগুলো সরাসরি ওয়েব ব্রাউজারেই পরীক্ষা করে দেখা যাবে। প্রথমবার গেম তৈরির পর কোনো অংশে পরিবর্তন আনতে চাইলে নতুন করে শুরু করার প্রয়োজন নেই। গেমের কোন অংশে কী পরিবর্তন দরকার, তা লিখে জানালেই হবে। এভাবে ধাপে ধাপে নতুন বৈশিষ্ট্য যোগ করা কিংবা বিদ্যমান উপাদানগুলো নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেওয়া যাবে।

প্লেগ্রাউন্ডে তৈরি গেম সরাসরি ওয়েব ব্রাউজারে খেলা যাবে। ফলে স্মার্টফোন ও ল্যাপটপের মতো বিভিন্ন যন্ত্র থেকে এসব গেম খেলার সুযোগ মিলবে। তৈরি করা গেম ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা, লিংকের মাধ্যমে অন্যদের সঙ্গে শেয়ার করা কিংবা প্লেগ্রাউন্ডের ‘এক্সপ্লোর’ গ্যালারিতে প্রকাশ করা যাবে। তবে গেমের ধরন অনুযায়ী এসব সুবিধা ব্যবহারের সুযোগ ভিন্ন হতে পারে। গুগল জানিয়েছে, প্রচলিত গেম তৈরির সফটওয়্যারের বিকল্প হিসেবে প্লেগ্রাউন্ড তৈরি করা হয়নি। প্ল্যাটফর্মটিতে গেম তৈরির সুবিধা ব্যবহার করতে গুগল ওয়ান মেম্বারশিপ প্রয়োজন হবে। পর্যায়ক্রমে প্ল্যাটফর্মটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

গেম তৈরির সুযোগ আরও বিস্তৃত করতে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইউনিটির সঙ্গেও কাজ করছে গুগল। এ উদ্যোগের অংশ হিসেবে প্লেগ্রাউন্ডের সঙ্গে ইউনিটি স্পার্কের সংযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

সূত্র: নিউজ ১৮

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ