কুকুরের ডাকাডাকি শুনে ঘর থেকে বের হন ছাত্রদল নেতার ভাই, ফাঁকা গুলি ছুড়ে অপহরণ
২১ অক্টোবর, ২০২৬ এ ১১:১৮ AM

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে মো. রফিক (৩৭) নামের এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে।
অপহৃত রফিক একই এলাকার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে। তিনি বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ কায়সারের বড় ভাই। আজ বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
অপহৃতের পরিবার ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাতে বাইন্যাপাড়ার এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে ছিলেন রফিক। এ সময় বাড়ির বাইরে কুকুরের ডাকাডাকি ও চিৎকার শুনে তিনি বের হন। তখন আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন অস্ত্রধারী তাঁকে ঘিরে ধরে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। প্রতিবেশীরা এগিয়ে এলে অস্ত্রধারী দলের সদস্যরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কাদের বলেন, রাত আটটার দিকে নিজ বাড়ি থেকে মো. রফিককে পাহাড়ে থাকা অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও রফিককে উদ্ধার করা সম্ভব হয়নি।
জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাইদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বাইন্যাপাড়া এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে রফিকের বাড়ি। তিনি বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ কুকুরের ডাকাডাকির শব্দ শুনে বাইরে বের হলে কয়েকজন অস্ত্রধারী তাঁকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বাবা-মেয়েকে বাড়ির আঙিনায় দাফন, মৃত্যুর খবর জানানো হয়নি আহত স্ত্রী–ছেলেকে
২১ অক্টোবর, ২০২৬ এ ১২:৪২ PM · প্রথম আলো
সরকারি দপ্তরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এক লাখ নিয়োগ আটকে গেল, কী বলছে অর্থ বিভাগ
২১ অক্টোবর, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় রাষ্ট্রাচার ‘ভঙ্গ’, রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার
২১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৫ PM · প্রথম আলো
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কনস্যুলেটের চিঠিতে কী আছে
২১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১ AM · প্রথম আলো
দরপত্র ছাড়াই ‘ক্ষতিগ্রস্ত’ বিএনপি নেতাকে দুই বালুমহালের দখল বুঝিয়ে দিল প্রশাসন
২০ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৩ PM · প্রথম আলো
দেশে পাঁচ বছরে সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ বজ্রপাত, কত মৃত্যু
২০ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৩ PM · প্রথম আলো
