কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২০ AM

কমেন্টে লিখিত প্রতিক্রিয়ার পাশাপাশি এবার ভয়েস নোট, পোল ও একসঙ্গে একাধিক ছবি যুক্ত করার সুবিধা আনলো টিকটক। কমেন্ট সেকশনকে আরও সক্রিয় ও ইন্টার্যাকটিভ করতেই নতুন এসব সুবিধা চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।
টিকটক গত ৩ সেপ্টেম্বর এক ঘোষণায় নতুন সুবিধাগুলোর কথা জানিয়েছে। নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে—ভয়েস কমেন্টস, কমেন্ট পোলস, ফটো ক্যারোসেল কমেন্টস ও লাইভ ফটো কমেন্টস।
নতুন ‘ভয়েস কমেন্টস’ সুবিধার মাধ্যমে যেকোনও ভিডিওর কমেন্টে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের অডিও রেকর্ড করে পোস্ট করা যাবে। এ জন্য কমেন্ট বক্সে থাকা মাইক্রোফোন আইকনে ট্যাপ করে ভয়েস রেকর্ড করে পোস্ট করতে হবে। অন্যরা সেই ভয়েস কমেন্টে ট্যাপ করে তা শুনতে পারবেন।
ভিডিও বা মিম নিয়ে কথা বলা, কোনও প্রতিক্রিয়া জানানো কিংবা কোনও সংগীতশিল্পীর ভিডিওতে গান বা লিপ-সিঙ্ক করে প্রতিক্রিয়া জানানোর মতো কাজেও ব্যবহার করা যাবে এই সুবিধা।
ভয়েস কমেন্টস সুবিধাটি আগামী এক মাসের মধ্যে বিশ্বজুড়ে চালু হবে। তবে এটি শুধু ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে। অন্য কমেন্টের মতোই ভয়েস কমেন্টেও টিকটকের কমিউনিটি গাইডলাইন প্রযোজ্য হবে।
ক্ষতিকর বা নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্ত ও সরিয়ে ফেলতে মানব পর্যালোচনার পাশাপাশি স্বয়ংক্রিয় শনাক্তকরণ এবং স্পিচ-টু-টেক্সট প্রযুক্তি ব্যবহার করবে টিকটক।
‘কমেন্ট পোলস’ সুবিধার মাধ্যমে নির্মাতারা নিজেদের ভিডিওর কমেন্ট সেকশনে পোল তৈরি করতে পারবেন। একটি পোলে সর্বোচ্চ পাঁচটি অপশন রাখা যাবে এবং ভোট দেওয়ার সময়সীমাও নির্ধারণ করা যাবে।
পরবর্তী ভিডিওর বিষয় কী হবে, কোন পোশাকটি ভালো লাগছে কিংবা ভিডিওতে কী পরিবর্তন আনা যায়—এ ধরনের বিষয়ে দর্শকদের মতামত জানতে পোল ব্যবহার করা যাবে। ভোটের ফলাফল কমেন্ট সেকশনেই দেখা যাবে।
‘ফটো ক্যারোসেল কমেন্টস’ সুবিধায় একটি কমেন্টের সঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করা যাবে। এর আগে একটি কমেন্টে একটি ছবি দেওয়ার সুযোগ ছিল।
এ ছাড়া ‘লাইভ ফটো কমেন্টস’ সুবিধার মাধ্যমে ক্যামেরা রোলে থাকা লাইভ ছবি কমেন্টে পোস্ট করা যাবে। এতে শুধু স্থির ছবি নয়, ছবির সঙ্গে থাকা স্বল্প সময়ের নড়াচড়াও দেখা যাবে।
নতুন এসব সুবিধার মাধ্যমে টিকটকের কমেন্ট সেকশন আরও বেশি মেসেজিং অ্যাপের মতো হয়ে উঠছে। প্ল্যাটফর্মটির হিসাবে, প্রতিদিন ১৭০ কোটির বেশি কমেন্ট করা হয়। নতুন সুবিধাগুলোর মাধ্যমে কমেন্ট করার অভিজ্ঞতাকে আরও বৈচিত্র্যময় ও সক্রিয় করতে চায় টিকটক।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৩ AM · বাংলা ট্রিবিউন
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৫ AM · বাংলা ট্রিবিউন
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ PM · বাংলা ট্রিবিউন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যেসব সাধারণ তথ্যও বিপদের কারণ হতে পারে
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৪৯ PM · প্রথম আলো
বাজারে ২০ থেকে ৪০ হাজার টাকার স্মার্টফোন জনপ্রিয় বেশি
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
