শাহজাদপুর সংবাদ

এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি

২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:১১ AM

এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি

বার্সেলোনা যদি লিগের শুরুর ম্যাচগুলোয় ভালো নাও খেলত, তবু গতকালের হারটি হতাশারই হতো। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো বলে কথা। তার ওপর ম্যাচটা ছিল নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে।

মৌসুমে প্রথম ৯ ম্যাচ জেতার পর রিয়ালের কাছে হারের পেছনেই নিজেদের ভুলকেই অন্যতম কারণ মনে করছেন মিডফিল্ডার পেদ্রি। তাঁর মতে, প্রথমার্ধে বার্সেলোনা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি, বারবার বল হারিয়েছে এবং সেই ভুলের মাশুল দিতে হয়েছে। কোচ হান্সি ফ্লিকও প্রথমার্ধের পারফরম্যান্সে সন্তুষ্ট নন। তবে হারের ব্যাখ্যায় তিনি সামনে এনেছেন খেলোয়াড়দের ক্লান্তি ও চোটের সমস্যাকে।

ম্যাচের পর পেদ্রি বলেন, ‘প্রথমার্ধে আমরা নিজেদের মতো খেলতে পারিনি। খুব ধীরগতিতে খেলেছি, আর অনেকবার বোকামি করে বল হারিয়েছি। এসব ভুলের মাশুল দিতে হয়েছে আমাদের। দ্বিতীয় গোলটার সময়ও আমরা ঠিকভাবে রক্ষণ সামলাতে পারিনি। ওরা দ্রুত আক্রমণে উঠেছিল, আর আমরা সেটা ঠেকাতে পারিনি।’

এই হারে লা লিগায় বার্সেলোনার টানা ৯ ম্যাচের জয়ের ধারার সমাপ্তি হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর পিএসজির কাছে হেরেছিল কাতালানরা। রিয়ালের কাছে হারায় এক সপ্তাহের মধ্যে টানা দ্বিতীয় হার দেখল ফ্লিকের দল।

‘রিয়েলিটি চেক’ বলতে রাজি নন বার্সা কোচ

টানা দুই হারে হতাশ হলেও বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক মনে করেন না, এই ফলাফল তাঁর দলকে বাস্তবতা বুঝিয়ে দিয়েছে। তাঁর মতে, ক্লান্তি ও খেলোয়াড়দের সতেজতার অভাব পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। পাশাপাশি রক্ষণভাগে একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতিও দলের জন্য সমস্যা তৈরি করেছে।

ফ্লিক বলেন, ‘দুটি হার নিয়ে আমি হতাশ। তবে এটাকে রিয়েলিটি চেক বলব না। বিষয়টা হলো, খেলোয়াড়েরা কতটা সতেজ আছে এবং তাদের শারীরিক অবস্থা কেমন। প্রথমার্ধে আমরা ভালো খেলিনি, কিন্তু সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় উন্নতি হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে, আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। রিয়াল আমাদের খুব বেশি জায়গা দেয়নি।’

বার্সেলোনা গত কিছুদিন ম্যাচের জন্য দৌড়ের মধ্যে ছিল উল্লেখ করে বার্সা কোচ বলেন, ‘গত কয়েকটা সপ্তাহ সহজ ছিল না। আপনারা শুধু ম্যাচগুলোই দেখেন, কিন্তু সেভিয়ার পথে তিন ঘণ্টা বিমানে থাকা, হোটেলে ফেরা, এরপর প্যারিসে যাওয়া—এগুলো অনেক কিছু। তবে হেরে যাওয়ার পর আমি এ নিয়ে কথা বলতে চাই না; জেতার সময় এগুলো বলা ভালো।’

অবশ্য এখনো ২৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানে আছে তাঁর দল।

‘ক্যাম্প ন্যুতে জেতা নয়, রিয়ালের লক্ষ্য শিরোপা’

অন্যদিকে এল ক্লাসিকো জিতে উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও। তাঁর কাছে বার্সেলোনার মাঠে জয় গুরুত্বপূর্ণ, তবে মৌসুমের শেষ লক্ষ্য লিগ শিরোপা জেতা। তাই এই জয় উদ্‌যাপনে আত্মতুষ্ট হয়ে পড়ার সুযোগ নেই বলে মনে করেন তিনি।

ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, ‘এটা দারুণ একটা জয়, কিন্তু কাজে ফেরার পর আমি কাউকে অতিরিক্ত আত্মতুষ্ট হতে দেব না। আজ জিতে যদি আমরা এল সারদিনেরোয় গিয়ে হেরে যাই, তাহলে আজকের জয়ের গুরুত্বও একই থাকবে না। কারণ, রিয়াল মাদ্রিদ ক্যাম্প ন্যুতে জেতার জন্য খেলে না। রিয়াল মাদ্রিদ শিরোপা জেতার জন্য খেলে। আমাদের এগিয়ে যেতে হবে।’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

এল ক্লাসিকোয় হার: পেদ্রি বললেন বোকামির মাশুল, ফ্লিকের চোখে ক্লান্তি | শাহজাদপুর সংবাদ