এবার কলকাতার রেড রোডে ‘পূজা কার্নিভ্যাল’ হচ্ছে না, ঘোষণা শুভেন্দুর
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩১ AM

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজা মানেই রেড রোডের ঐতিহ্যবাহী ‘পূজা কার্নিভ্যাল’—মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে এমনটাই দেখে এসেছেন সবাই। এবার সেই ঐতিহ্য থেকে সরে আসছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, এবারের পূজায় রেড রোডের কার্নিভ্যাল হবে না।
সোমবার বিকেলে কলকাতার মিলনমেলা ময়দানে রাজধানী কলকাতাসহ রাজ্যের বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে ‘পূজা কার্নিভ্যাল’ বাতিলের কথা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এবারের দুর্গাপূজা ঘিরে নানা নিয়মের কথাও ঘোষণা করা হয়।
২০১৬ সাল থেকে প্রতিবছর রেড রোডে ঐতিহ্যবাহী পূজা কার্নিভ্যাল হয়ে আসছিল। মমতার সরকারের আমলে পূজার গুরুত্বপূর্ণ অংশ ছিল এ কার্নিভ্যাল। আগে ভাগে কার্নিভ্যালের দিন ঘোষণা করতেন সাবেক মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী রেড রোডে প্রতিমা নিয়ে শোভাযাত্রা করত বিভিন্ন পূজা কমিটি। জেলায় জেলায় চলত একই শোভাযাত্রা। দেওয়া হতো সেরার পুরস্কার।
গত বছরও দুর্গাপূজার সময় কলকাতাসহ পশ্চিমবঙ্গের ১১৩টি সেরা প্রতিমা নিয়ে বিশাল ও জাঁকজমকপূর্ণ কার্নিভ্যাল হয়েছিল।
শুভেন্দু জানান, এবার রেড রোডে পূজা কার্নিভ্যাল হবে না। এর বদলে মহালয়ার দিন ইডেন গার্ডেন স্টেডিয়ামে হবে একটি উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত থাকছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চার ঘণ্টার এই অনুষ্ঠান আয়োজন করবে রাজ্যের পর্যটন, তথ্য ও সংস্কৃতি দপ্তর। থাকছে আতশবাজি ও লেজার শো। রাজ্যজুড়ে হবে রোড শো।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেসব পূজা কমিটির বাজেট ১০ লাখ রুপির বেশি, তাদের এবার কোনো আর্থিক অনুদান দেওয়া হবে না। আর যাদের বাজেট এর চেয়ে কম, সেসব কমিটি পূজা আয়োজনে এক লাখ রুপি করে অনুদান পাবে। গত বছর এই অনুদানের পরিমাণ ছিল ১ লাখ ১০ হাজার রুপি করে। যারা অনুদান পেতে চায়, তাদের নিজ নিজ এলাকার থানার মাধ্যমে আবেদন করতে হবে।
পূজা কমিটিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, দেবীপক্ষ শুরু হওয়ার আগে কোনো পূজার উদ্বোধন করার অনুমতি দেওয়া হবে না। রাস্তা বন্ধ করে পূজা আয়োজন করা যাবে না। পূজার সময় বা বিসর্জনের সময় ডিজে বাজানো নিষিদ্ধ থাকবে। বিসর্জন ২৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। প্রতিমা, প্যান্ডেল, পূজার থিম বা সাজসজ্জায় এমন কিছু করা যাবে না, যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।
এ ছাড়া এবারের দুর্গাপূজায় অষ্টমীর দিন থেকে সব মদের দোকান বন্ধ রাখা হবে। পানশালায়ও মদ বিক্রি করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
নাচের মঞ্চ থেকে এবার যুদ্ধের ময়দানে রোবট—চীন কি ভবিষ্যতের যুদ্ধ বদলে দিচ্ছে
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৬ PM · প্রথম আলো
আরামকোসহ সৌদির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৬ AM · প্রথম আলো
ইরান যুদ্ধে জড়ালে দক্ষিণ কোরিয়ার বিপদ কেন বাড়তে পারে
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
অগ্ন্যুৎপাতের ছাই ছড়িয়েছে ২০ থেকে ৫০ হাজার ফুট উঁচুতে, ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১২ PM · প্রথম আলো
