একাদশ শ্রেণির ভর্তিতে সর্বোচ্চ ফি ৮৫০০, শহর-গ্রামের কোন ধরনের প্রতিষ্ঠানে কত ফি
২৫ আগস্ট, ২০২৬ এ ১১:৪৪ AM

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তালিকা অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা নেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সর্বোচ্চ ফি ঢাকা মেট্রোপলিটন এলাকার নন–এমপিও বা আংশিক এমপিও কলেজে নেওয়া হবে। এ ছাড়া প্রতিষ্ঠান এমপিওভুক্ত কি না, অবস্থান এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে এই ফি নির্ধারণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৪ আগস্ট ২০২৬) শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশ করা নীতিমালা অনুযায়ী, এ বছর শিক্ষা বোর্ড আবেদন ফি বাবদ ৫ টাকা বাড়িয়ে ৩৪০ টাকা নেবে, যা আগের বছর ছিল ৩৩৫ টাকা।
এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং উপজেলা ও মফস্সলে ১ হাজার ৫০০ টাকা।
নন-এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা।
নন-এমপিও কলেজে ভর্তিতে ফি জেলায় বাংলা ভার্সনে তিন হাজার টাকা, ইংরেজি ভার্সনে চার হাজার টাকা। উপজেলা ও মফস্সলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা ভর্তি ফি নেওয়া হবে।
শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি বাবদ ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি বাবদ ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, শিক্ষককল্যাণ ফি, অবসরসুবিধা ভাতা ফি ১০০ টাকাসহ মোট ৩৪০ টাকা নেবে। আগের বছর বিএনসিসি ফি ছিল ৫ টাকা।
এ ছাড়া একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের জন্য ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৪০০ টাকা বোর্ডে পাঠাতে হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
স্নাতক প্রথম বর্ষের ২৭ আগস্টের এক পরীক্ষা স্থগিত, নতুন সূচি পরে
২৫ আগস্ট, ২০২৬ এ ১০:২৯ PM · রাইজিংবিডি
প্রথম উপাচার্য পেল নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২৫ আগস্ট, ২০২৬ এ ৯:২১ PM · প্রথম আলো
এক রাতে ৪৬ শিক্ষক বদলি, ক্ষুব্ধ আইডিয়ালের শিক্ষক-অভিভাবক
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:৫০ PM · বাংলা ট্রিবিউন
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
২৫ আগস্ট, ২০২৬ এ ৯:৫৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। ইংরেজি (Unit 4- My): Home District নিয়ে আলোচনা
২৪ আগস্ট, ২০২৬ এ ৫:৪০ PM · প্রথম আলো
