এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM

এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বড় অঙ্কে বাড়ানোর পর শুক্রবার (৬ নভেম্বর) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৭৩৯ টাকা।
শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ৪৫৫ টাকা। সে হিসাবে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯৩৭ টাকা। বৃহস্পতিবার এই দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৭৬ টাকা।
শুক্রবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। সভায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অলংকারের বিক্রয়মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৮ হাজার ৫৮০ টাকা, ১৮ ক্যারেটের ১৫ হাজার ৯৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১৩ হাজার ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৩০০ টাকা, ২১ ক্যারেটের ২৯০ টাকা, ১৮ ক্যারেটের ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এছাড়া পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।
চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ বার। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছর স্বর্ণের দামে সমন্বয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার প্রভাবে দেশের বাজারেও ঘন ঘন দাম পরিবর্তন করতে হচ্ছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে
৬ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
জাতীয় গ্রিডে সৌরবিদ্যুতের অবদান ৪ শতাংশ: দীর্ঘমেয়াদে কার্যকর কতটা
৬ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী
৫ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৩ PM · প্রথম আলো
