এআই গবেষণায় এআইইউবি ও ব্রেন স্টেশন ২৩-এর সমঝোতা
১ অক্টোবর, ২০২৬ এ ৭:৫০ PM

শিল্প খাতের বাস্তব সমস্যা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ও থিসিসে কাজের সুযোগ তৈরি করতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও ব্রেন স্টেশন ২৩-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান, এফএসটির ডিন অধ্যাপক দীপ নন্দীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ব্রেন স্টেশন ২৩-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অধ্যাপক মো. আবদুর রহমান ও ব্রেন স্টেশন ২৩-এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস।
সমঝোতার আওতায় এআই বেঞ্চমার্কিং, কনভারসেশনাল এআই, মাল্টি এজেন্ট সিস্টেম, ভিশন-ল্যাঙ্গুয়েজ সিস্টেম এবং রিট্রিভাল-অগমেন্টেড জেনারেশন (আরএজি)সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ গবেষণার উদ্যোগ নেওয়া হবে। ব্রেন স্টেশন ২৩ তাদের বাস্তব প্রকল্পের বিভিন্ন সমস্যা শিক্ষার্থীদের গবেষণা ও থিসিসের কাজের জন্য উন্মুক্ত করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রকৌশলী ও এআই বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেবেন।
এ অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব এআই ও সফটওয়্যার প্রকল্পে কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এ ছাড়া দুই প্রতিষ্ঠান যৌথভাবে এআইবিষয়ক কর্মশালা, সেমিনার ও হ্যাকাথন আয়োজন করবে এবং এআইইউবির ক্যারিয়ার ও ইনোভেশন ফেয়ারে অংশ নেবে।
অনুষ্ঠানে এআইইউবির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এফএসটির সহযোগী ডিন অধ্যাপক খন্দকার তাবিন হাসান, র্যাঙ্কিং অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্ট অফিসের পরিচালক অধ্যাপক মাশিউর রহমান এবং হেড অব পাবলিক রিলেশনস আবু মিয়া আকন্দ তুহিন। ব্রেন স্টেশন ২৩-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের প্রধান আসিফ হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ড্যাফোডিলে শেষ হলো দুই দিনব্যাপী ‘জেএমসি মিডিয়া বাজ’-এর সপ্তম আসর
১ অক্টোবর, ২০২৬ এ ৩:৩১ PM · প্রথম আলো
মাউশির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেলের পে ফিক্সেশনে তথ্য আহ্বান
১ অক্টোবর, ২০২৬ এ ১:৫৩ PM · প্রথম আলো
একাদশ শ্রেণির ভর্তিতে কোটায় আবেদনকারীদের নিয়ে নতুন নির্দেশনা
১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
শুধু প্রথম শ্রেণি নয়, পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারিতে ভর্তির পরিকল্পনা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · প্রথম আলো
