উবারকে প্রায় ১০০ কোটি ডলার জরিমানা করল নেদারল্যান্ডস
২৩ আগস্ট, ২০২৬ এ ৪:৫৩ PM

চালকদের অ্যাকাউন্ট কোনো মানুষের যাচাই-বাছাই বা পর্যালোচনা ছাড়াই স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে স্থগিত বা ব্লক করার অভিযোগে উবারকে ৮২ কোটি ৫০ লাখ ইউরো বা প্রায় ৯৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে নেদারল্যান্ডসের দ্য ডাচ ডেটা প্রোটেকশন অথরিটি। ইউরোপীয় ইউনিয়নের কঠোর ডেটা প্রাইভেসি বা গোপনীয়তা আইন লঙ্ঘন করায় এই বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটিকে।
দ্য ডাচ ডেটা প্রোটেকশন অথরিটির তথ্যমতে, উবার তাদের স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়া সম্পর্কে চালকদের পর্যাপ্ত তথ্য জানাতে বা অবহিত করতেও ব্যর্থ হয়েছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেজোল্যুশন বা সাধারণ ডেটা সুরক্ষা প্রবিধান মারাত্মকভাবে লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি। ইউরোপীয় ইউনিয়নের এই বিধিমালার অধীন পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ, বিশেষ করে যেখানে মানুষের জীবিকা বা অধিকার জড়িত থাকে। নিয়মভঙ্গের এই ঘটনাগুলো ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ চার বছর ধরে অব্যাহত ছিল।
দ্য ডাচ ডেটা প্রোটেকশন অথরিটির সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে উবার জানিয়েছে, তারা এই জরিমানার বিরুদ্ধে আপিল করবে। উবারের পক্ষ থেকে এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, (তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ) এমন কিছু ঐতিহাসিক নীতিমালা নিয়ে তদন্ত করেছে, যা অনেক বছর আগেই বাতিল বা বন্ধ করে দেওয়া হয়েছে। চালকদের আয় করার ক্ষমতার ওপর প্রভাব ফেলে এমন সিদ্ধান্তগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই এবং সবার সঙ্গে ন্যায্য আচরণ নিশ্চিত করতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।
দ্য ডাচ ডেটা প্রোটেকশন অথরিটির পক্ষ থেকে উবারকে জরিমানার এটি চতুর্থ ঘটনা। ২০২৪ সালে ইউরোপীয় চালকদের ব্যক্তিগত তথ্য পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরের অভিযোগে উবারকে ২৯ কোটি ইউরো বা প্রায় ৩২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছিল সংস্থাটি।
সূত্র: রয়টার্স, টেক এক্সপ্লোর
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
গাড়ির অ্যান্ড্রয়েড ড্যাশবোর্ডে ম্যালওয়্যার হামলা, তৈরি হচ্ছে বটনেট
২৩ আগস্ট, ২০২৬ এ ৪:১৭ PM · প্রথম আলো
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন
২৩ আগস্ট, ২০২৬ এ ১০:২০ AM · বাংলা ট্রিবিউন
এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের
২৩ আগস্ট, ২০২৬ এ ৯:২৬ AM · বাংলা ট্রিবিউন
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
২৩ আগস্ট, ২০২৬ এ ৮:৫২ AM · বাংলা ট্রিবিউন
একই অমীমাংসিত সমস্যার সমাধান দুই এআইয়ের, জমা পড়ল তিন ঘণ্টার ব্যবধানে
২২ আগস্ট, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
