ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে: ট্রাম্প
২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫ AM

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই যুদ্ধ শুরু করার জন্য তেহরানই দায়ী। আগের একটি যুদ্ধবিরতিকে তিনি ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন।
মিসিসিপি অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প তাঁর রিপাবলিকান পার্টির এক আইনপ্রণেতার দাবির পুনরাবৃত্তি করেন। ওই আইনপ্রণেতা বলেছিলেন, ‘ইরানের সঙ্গে আমরা যুদ্ধ শুরু করিনি। ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে।’
সামরিক অভিযানের অর্থনৈতিক প্রভাব নিয়েও সাফাই দেন ট্রাম্প। তিনি বলেন, তেলের দাম আরও অনেক বেড়ে যাবে বলে তিনি ধারণা করেছিলেন।
ট্রাম্প বলেন, ‘আমি এই পদক্ষেপ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। কারণ, আমাদের সামনে আসলে আর কোনো বিকল্প ছিল না। এটা অনেক আগেই করা উচিত ছিল।’
আগের একটি যুদ্ধবিরতির প্রসঙ্গ টানেন ট্রাম্প। তিনি বলেন, ওই ব্যবস্থা তাঁর কখনোই খুব একটা পছন্দ ছিল না।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অল্প সময়ের জন্য একটি যুদ্ধবিরতি করেছিলাম, যা আমার কখনোই খুব একটা পছন্দ ছিল না। আমরা ভালো আচরণ করতে চাই। কিন্তু আমার বিবেচনায়, এটা ছিল নিছক সময়ের অপচয়।’
ট্রাম্প আরও দাবি করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেগুলো ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। তাঁর দাবি, এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও হামলা চালানো সম্ভব।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা (ইরান) সান ডিয়েগোতে হামলা চালাতে পারত। লস অ্যাঞ্জেলেসে হামলা চালাতে পারত। যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও হামলা চালাতে পারত।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। উপসাগরীয় যে দেশগুলোয় মার্কিন ঘাঁটি আছে, সেগুলোতে হামলা চালিয়ে ইরান পাল্টা জবাব দেয়।
পাকিস্তানের মধ্যস্থতায় গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। প্রাথমিকভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। পরে মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছিল।
যুদ্ধবিরতির মধ্যেও উভয়পক্ষ হামলা অব্যাহত রেখেছিল, বিশেষ করে হরমুজ প্রণালি অঞ্চলে। গত ৮ জুলাই এই যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দেন ট্রাম্প।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
‘অপারেশন ল্যাংড়া’: গরু পাচারের অভিযোগ তুলে উত্তর প্রদেশে মুসলিমদের পঙ্গু করছে পুলিশ
২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:২০ PM · প্রথম আলো
মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল
২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৮ AM · প্রথম আলো
ট্রাম্পের সমর্থন ও যুদ্ধে নেতৃত্ব—এ দুইয়ে ভর করে টিকতে চাইছেন নেতানিয়াহু
২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:১৪ AM · প্রথম আলো
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থন বেড়ে দাঁড়িয়েছে ৩২ শতাংশে
২৭ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৮ AM · প্রথম আলো
বুলগেরিয়ায় নির্বাচন: প্রথম দফায় ফয়সালা হলো না, দ্বিতীয় দফার ভোট ১ নভেম্বর
২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৪০ AM · প্রথম আলো
সৌদি আরবে মৃত্যুদণ্ড: দেশটির আইন কী বলে, আদালতে কী ঘটে
২৬ অক্টোবর, ২০২৬ এ ১১:২৮ AM · প্রথম আলো
