শাহজাদপুর সংবাদ

ইউক্রেনে এখন নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার সময় এসেছে: ট্রাম্প

১১ অক্টোবর, ২০২৬ এ ১১:২৫ AM

ইউক্রেনে এখন নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার সময় এসেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে এখন নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার সময় এসেছে বলে তিনি মনে করছেন।

রাশিয়ার সঙ্গে সম্প্রতি ডিজেল চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। এ ঘটনার কড়া সমালোচনা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জবাবে ট্রাম্প এমন মন্তব্য করলেন।

জেলেনস্কি সতর্ক করে বলেছেন, লাখ লাখ টন রুশ ডিজেল যুক্তরাষ্ট্রে আনার নতুন চুক্তিটি মস্কোকে তাঁর দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ জোগাবে। তিনি একে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি ‘উপহার’ হিসেবেও উল্লেখ করেন।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোয় হামলার অনুমোদন অব্যাহত রেখে জেলেনস্কি ‘বিশ্বের জন্য সমস্যা সৃষ্টি করতে’ চাইছেন। এটা অবিলম্বে বন্ধ করা উচিত।

ট্রাম্প পরামর্শ দেন, ইউক্রেনের এমন একজন নতুন নেতা বেছে নেওয়া উচিত, যিনি একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। তখন থেকে ইউক্রেনে সামরিক আইন চলছে। দেশটির নিয়ম অনুযায়ী, এ আইন বলবৎ থাকায় নির্বাচন স্থগিত হয়ে গেছে। ক্ষমতায় রয়ে গেছেন জেলেনস্কি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে বিশ্ববাজারে ডিজেলসহ সব জ্বালানি পণ্যের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। এ জলপথ দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহের এক–পঞ্চমাংশ পরিবহন করা হতো।

জ্বালানি পণ্যের অন্যতম প্রধান উৎপাদক দেশ রাশিয়া। ইউক্রেন ও রাশিয়া সম্প্রতি একে অপরের জ্বালানি অবকাঠামো ও পরিবহনব্যবস্থায় হামলা জোরদার করেছে। এর কারণে জ্বালানি বাজারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

এ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ‘আমরা বলেছিলাম, মস্কোর বিরুদ্ধে আপনারা যা খুশি করতে পারেন, কিন্তু তেল শোধনাগারগুলোয় আক্রমণ করবেন না। কারণ, এতে বিশ্বজুড়ে সমস্যা দেখা দেবে।’

জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘তিনি (জেলেনস্কি) বেশ কিছু চুক্তি করতে পারতেন। কিন্তু অজানা কারণে সেটা করেন না।’

এর আগে গত শুক্রবার ট্রাম্প জানান, রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আগামী ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার বিষয়ে মস্কোর সঙ্গে একটি সমঝোতা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ডিজেল চুক্তির ফলে মস্কো নতুন তহবিল সংগ্রহ করতে পারবে। সেই সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন সামরিক সরঞ্জাম জোগাড় করতে পারবে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ