ইউক্রেন যুদ্ধবিরোধী রুশ রাজনীতিকের ১১ বছরের কারাদণ্ড
১৮ আগস্ট, ২০২৬ এ ১১:০০ AM

রাশিয়ার সশস্ত্র বাহিনীর ‘বদনাম’ করা এবং তাদের সম্পর্কে ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগে লেভ শ্লাসবার্গ নামের একজন রাজনীতিককে ১১ বছর ১ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শ্লাসবার্গ দেশটিতে ইউক্রেন যুদ্ধবিরোধী রাজনীতিক হিসেবে পরিচিত।
রাশিয়ার পসকভ শহরের একটি আদালত গতকাল সোমবার ৬৩ বছর বয়সী শ্লাসবার্গের বিরুদ্ধে এই রায় দেন। আদালতের দেওয়া রায়ের নিন্দা জানিয়ে শ্লাসবার্গ বলেন, ‘এ রায়ের একমাত্র লক্ষ্য একজন ব্যক্তিকে তাঁর রাজনৈতিক, সামাজিক ও নাগরিক অবস্থানের জন্য শাস্তি দেওয়া।’
শ্লাসবার্গ রাশিয়ার উদারপন্থী রাজনৈতিক দল ইয়াবলোকোর উপপ্রধান। তাঁর দলের পক্ষ থেকে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে শ্লাসবার্গকে কারাদণ্ড দেওয়ার আগে তাঁর দল ইয়াবলোকোর পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইয়াবলোকো ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল। কিন্তু শ্লাসবার্গের কারাদণ্ড ঘোষণার মাত্র কয়েক মিনিট আগে সুপ্রিম কোর্ট ওই আপিল খারিজ করে দেন।
ইয়াবলোকোই একমাত্র নিবন্ধিত রাজনৈতিক দল, যারা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার শুরু করা পূর্ণমাত্রার আগ্রাসনের বিরোধিতা করেছিল।
এখন ইয়াবলোকোকে নিষিদ্ধ করা এবং শ্লাসবার্গকে কারাদণ্ড দেওয়ার ফলে রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যে সামান্য রাজনৈতিক বিরোধিতা অবশিষ্ট ছিল, তা–ও দমন হয়ে গেল। প্রায় ২৭ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান মোকাবিলায় প্রস্তুত ইরান, তখন তাদের যুদ্ধকৌশল কী হবে
১৮ আগস্ট, ২০২৬ এ ১২:২৭ PM · প্রথম আলো
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সমঝোতা স্মারকের মেয়াদ শেষ, এরপর কী হতে পারে
১৮ আগস্ট, ২০২৬ এ ১১:২৯ AM · প্রথম আলো
মার্কিন সেনাকে হত্যা বা আটকের জন্য ৩০ হাজার ডলার করে পুরস্কার ঘোষণা ইরানের
১৭ আগস্ট, ২০২৬ এ ১২:৩৪ PM · প্রথম আলো
