শাহজাদপুর সংবাদ

আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক, বেড়েছে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম

৬ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৯ AM

আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক, বেড়েছে টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দাম

স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ায় আবারও ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজানি জানিয়েছে, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তাঁর সম্পদমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এর আগে গত জুন মাসে প্রথম এই মাইলফলক স্পর্শ করেন ইলন মাস্ক। পরে তাঁর সম্পদমূল্য কমে যায়। গতকাল শেয়ারের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারের খেতাব ফিরে পেলেন তিনি।

ফোর্বসের হিসাবে, আজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদন লেখার সময় ইলন মাস্কের সম্পদের মোট মূল্য ছিল ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে শুক্রবার ছিল গত সপ্তাহের শেষ কার্যদিবস। এরপর গতকাল বাজার খোলার পর এক দিনেই তাঁর সম্পদ বেড়েছে ৩০ দশমিক ৬ বিলিয়ন বা ৩ হাজার ৬০ কোটি ডলার।

এই সম্পদ বৃদ্ধির কল্যাণে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে মাস্ক আরও এগিয়ে গেছেন। বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদের মূল্য ৩৭১ দশমিক ৫ বিলিয়ন বা ৩৭ হাজার ১৫০ কোটি ডলার। অর্থাৎ মাস্কের সম্পদের চেয়ে বেজোসের সম্পদ প্রায় ৬২৮ বিলিয়ন বা ৬২ হাজার ৮০০ কোটি ডলার কম।

জুনে প্রথম ট্রিলিয়নিয়ার

মাস্কের মহাকাশ–বিষয়ক কোম্পানি স্পেসএক্স নাসডাকে লেনদেন শুরু করার পর গত জুনে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হন তিনি। তবে কয়েক দিনের মধ্যেই স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম কমে গেলে তিনি সেই মর্যাদা হারান।

সম্প্রতি দুই কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকায় মাস্কের সম্পদও দ্রুত বেড়েছে। গত সপ্তাহে জানা যায়, বছরের তৃতীয় প্রান্তিকে টেসলার গাড়ি সরবরাহ বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। ফলে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। ফলে শুক্রবার মাস্কের সম্পদ বৃদ্ধি পায় ৬১ বিলিয়ন বা ৬ হাজার ১০০ কোটি ডলার।

ইয়াহু ফাইন্যান্সের তথ্য অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (ওয়ালস্ট্রিট) স্পেসএক্সের শেয়ারের দাম ১৭ দশমিক ৬১ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম ৫ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এরপর গতকাল সপ্তাহের শুরুতে (ওয়ালস্ট্রিটে সপ্তাহ শুরু হয় সোমবার) টেসলার শেয়ারের দাম ১ শতাংশের বেশি বেড়ে ৩৭৮ ডলারে ওঠে। তবে স্পেসএক্সের শেয়ারের দাম আরও বেড়েছে। গতকাল কোম্পানিটির শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়ে ১৭১ ডলারে ওঠে। মূলত সে কারণে আবার ১ ট্রিলিয়ন ডলার সম্পদের সীমা অতিক্রম করেন মাস্ক।

স্পেসএক্সের শেয়ারের মূল্যবৃদ্ধির পেছনে কয়েকটি কারণ কাজ করেছে। মর্গ্যান স্ট্যানলির বিশ্লেষকেরা সম্প্রতি মনে করেছেন, কোম্পানিটির শেয়ারের বর্তমান দাম তুলনামূলক কম। পাশাপাশি গত সপ্তাহে স্পেসএক্সের স্টারশিপ এই প্রথম সফলভাবে কক্ষপথে পৌঁছায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার নাম বদলের প্রস্তাব

স্পেসএক্সের শেয়ারের উত্থানের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেও আলোচনায় আছেন মাস্ক। গত রোববার তিনি জানান, স্পেসএক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান স্পেসএক্সএআইয়ের নাম বদলে ‘স্পেসএক্সএসআই’ করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ শব্দটি ব্যবহারের পক্ষে অবস্থান নেওয়ার পর মাস্ক তাতে সমর্থন জানিয়েছেন।

গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এআই খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা সাক্ষাৎ করেন। সেখানে এআই উন্নয়নের ক্ষেত্রে কিছু নির্দেশনা নিয়ে নতুন অঙ্গীকারনামা প্রকাশ করা হয়। তবে ট্রাম্প মনে করেন না, এটা আইনগতভাবে বাধ্যতামূলক। তিনি বরং মনে করেন, এটা মেনে চলার ক্ষেত্রে ‘নৈতিক বাধ্যবাধকতা’ থাকা উচিত।

এদিকে মাস্কের মালিকানাধীন ও স্পেসএক্সএআই পরিচালিত চ্যাটবট গ্রোকও আলোচনায় এসেছে। মূল কোম্পানির নাম পরিবর্তনের প্রসঙ্গে গ্রোকের নাম উঠে এসেছে। তবে গতকাল সকাল পর্যন্ত নাম পরিবর্তনের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

মাস্ককে নিয়ে তথ্যচিত্র

এদিকে চলতি মাসেই নতুন করে আলোচনায় এসেছেন ইলন মাস্ক। তাঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মাস্ক’ আগামী শুক্রবার নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ১৬ অক্টোবর থেকে এটি যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও প্রদর্শিত হবে।

প্রায় চার ঘণ্টার এই তথ্যচিত্র মাস্কের জীবন ও কর্মকাণ্ডের বিষয়ে কঠোরভাবে সমালোচনামূলক। প্রাথমিক পর্যালোচনায় এমনটাই উঠে এসেছে। তথ্যচিত্রটির পরিচালক অ্যালেক্স গিবনি। মাস্ক অবশ্য এর মধ্যে ছবিটির সমালোচনা করেছেন। নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন তিনি।

ব্যক্তিজীবনও আলোচনায়

এদিকে কয়েক দিন আগে ইলন মাস্কের সাবেক সঙ্গী শিভন জিলিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাঁদের সম্পর্কের ইতি ঘটেছে। জিলিস মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংকের নির্বাহী। তাঁদের চার সন্তান আছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ