শাহজাদপুর সংবাদ

 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে

২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ AM

 আবারও এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী, কবে-কোথায় দেখা যাবে

এক যুগেরও বেশি সময় পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিত। ১৯৯৮ সালের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবির একটি গানে তাদের প্রথম একসঙ্গে দেখা যায়। তবে এবার সিনেমা নয়, এই জুটিকে একসঙ্গে টিভির পর্দায় দেখা যাবে। 'কৌন বনেগা ক্রোড়পতি ১৮' টিভি শো-তে হাজির হবেন তারা।

সর্বশেষ খবর অনুযায়ী, অভিনেত্রী তার মারাঠি শো ‘কৌন হুনের ক্রোড়পতি’-র প্রচারের জন্য আসছেন। ভ্যারাইটি ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, অমিতাভ এবং মাধুরী এই সপ্তাহে একটি বিশেষ পর্বের শুটিং করবেন।

মাধুরী প্রথম ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অতিথি হিসেবে এসেছিলেন ২০০১ সালে। সেই পর্বটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল এবং তিনি ৫০ লক্ষ টাকা জিতেছিলেন। এরপর এই অভিনেত্রীকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র চতুর্থ সিজনে দেখা যায়, যা ২০১০ সালে প্রচারিত হয়েছিল। তিনি এবার তৃতীয়বারের মতো এই শো-এর অংশ হতে চলেছেন। মনে করা হচ্ছে যে এই পর্বের পর শো-টির টিআরপি অবশ্যই বাড়বে।

অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিতকে একসঙ্গে প্রধান নায়ক-নায়িকা হিসেবে দেখার একটি আকাঙ্ক্ষা ছিল। প্রতিবেদন অনুসারে, ১৯৮৯ সালে তিনু আনন্দ তাদের নিয়ে ‘শনাক্ত’ সিনেমাটিও নির্মাণ করছিলেন। এই প্রকল্পটি পরে বাতিল করা হয়।

এর পর, ১৯৯৮ সালের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সিনেমার ‘মাখানা’ গানে তাদের একসঙ্গে দেখা যায়।

কাজের দিক থেকে, অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও সিনেমা এবং টেলিভিশনে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে কমল হাসানের সঙ্গে 'কল্কি' ছবির পরবর্তী পর্বের শুটিং করছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ