শাহজাদপুর সংবাদ

‘আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন’, সমালোচকদের খোঁচা ইশরাকের 

১৯ অক্টোবর, ২০২৬ এ ৯:২৭ AM

‘আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন’, সমালোচকদের খোঁচা ইশরাকের 

ভবিষ্যতে কখনও আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে ‘সুশীলদের’ বিদেশ থেকে দেশে এসে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সমালোচকদের তীব্র খোঁচা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়ে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। একই সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন বলেও ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পোস্টে তিনি বলেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’

ফেসবুকে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি আরও লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনও আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

ভবিষ্যৎ পথচলা ও প্রতিশ্রুতির বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি উল্লেখ করেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবো, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে।’

পাশাপাশি তিনি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনা ব্যক্ত করেন এবং ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’ স্লোগান দিয়ে মাদকের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ