শাহজাদপুর সংবাদ

‘আগামী কয়েক দিনের মধ্যেই’ বার্সার হবেন রদ্রি

১৭ আগস্ট, ২০২৬ এ ৯:২৭ AM

‘আগামী কয়েক দিনের মধ্যেই’ বার্সার হবেন রদ্রি

২০২৬ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’জয়ী রদ্রিকে কিনতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। বার্তা সংস্থা এএফপিকে কাতালান ক্লাবটির একটি সূত্র গতকাল এ তথ্য জানায়। তাঁকে কিনতে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার খরচ করবে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৬৩ কোটি টাকা।

বার্সার সূত্রের ভাষ্য, ‘আগামী কয়েক দিনের মধ্যেই অফিশিয়াল বিবৃতি দেওয়া হবে এবং দলবদল চূড়ান্ত হবে।’

গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত খেলে গোল্ডেন বল জেতেন স্পেনের অধিনায়ক রদ্রি। তাঁকে দলে ভেড়াতে বার্সেলোনার পাশাপাশি আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদও। শেষ পর্যন্ত রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জার্সিই বেছে নিচ্ছেন রদ্রি।

২০১৯ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির সাফল্যে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন রদ্রি। পেপ গার্দিওলার অধীন তিনি ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ, ৪টি প্রিমিয়ার লিগসহ মোট ১২টি বড় শিরোপা জিতেছেন।

২০২৪ সালে ব্যালন ডি’অরও জেতেন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে গত দুই মৌসুমে চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে।

বার্সার রদ্রির পিছু ছোটার পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে মাঝমাঠের সংকট। চোটের কারণে ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং কয়েক মাস মাঠের বাইরে থাকবেন। তাঁর জায়গায় একজন অভিজ্ঞ ও বিশ্বমানের মিডফিল্ডার প্রয়োজন বার্সার। সে জন্যই রদ্রিকে দলে টানছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

রদ্রিকে পেতে বার্সেলোনার দুটি প্রস্তাব আগেই ফিরিয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত গতকাল দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে। এবারের গ্রীষ্মে অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি ও জেসি বিসিউর পর বার্সেলোনার নতুন সংযোজন হতে যাচ্ছেন স্পেনের এই অধিনায়ক। গত মৌসুমে আল হিলাল থেকে ধারে খেলা জোয়াও কানসেলোকে আগামী কয়েক দিনের মধ্যে স্থায়ীভাবে দলে টানতে পারে বার্সেলোনা।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ