শাহজাদপুর সংবাদ

‘আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী’, লন্ডনে নাহিদ ইসলাম

১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৯ AM

‘আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী’, লন্ডনে নাহিদ ইসলাম

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘যে নৈরাজ্য ও নাশকতা আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে ঘটাচ্ছে, তার কিছু চিহ্ন আমরা যুক্তরাজ্যেও দেখতে পাচ্ছি। এর জন্য দায়ী আসলে কে? বাংলাদেশের জনগণ ৫ আগস্ট তাদের ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র-জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর দায় বর্তমান সরকারের।’

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাজ্যের আয়োজনে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের ‘মে ফেয়ার’ হলে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে এই সংঘর্ষে কমপক্ষে চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা অনুষ্ঠান শেষে নাহিদ ইসলামের প্রস্থানের পর অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এই সময় এনসিপির নেতাকর্মী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন।’ উল্লেখ্য, হামলার আগেই নাহিদ ইসলামসহ অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন বলেও জানায় এনসিপি।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, যে নৈরাজ্য ও নাশকতা আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে ঘটাচ্ছে, তার কিছু চিহ্ন আমরা যুক্তরাজ্যেও দেখতে পাচ্ছি। এর জন্য দায়ী আসলে কে? বাংলাদেশের জনগণ ৫ আগস্ট তাদের ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র-জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর দায় বর্তমান সরকারের।

এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি নানা প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে বিএনপি সরকারের সময়েও রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপির একটি অংশ আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করেছে। অথচ আজ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের সামনে বিএনপি অসহায়। এখন তারা বিরোধী দলের সহযোগিতা চাইছে, কারণ আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।

নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে শর্টসার্কিটের দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করলেন। অথচ সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলার দায় স্বীকার পর্যন্ত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট শক্তিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। আমি তখন বলেছিলাম, বিরোধী দলের বাসা আগুনে জ্বলছে, আপনি দায়মুক্তি দিচ্ছেন; আগামীকাল দেখবেন আপনার বাসায় আগুন জ্বলবে। আমি যুক্তরাজ্যে আসার পর দেখলাম, দেশে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।

এনসিপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির সদস্যসচিব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ প্রমুখ।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ