অ্যান্ড্রয়েডে স্ক্রিন শেয়ার করলেও গোপন থাকবে পাসওয়ার্ড
২১ অক্টোবর, ২০২৬ এ ৫:৪২ PM

স্মার্টফোনে অনলাইন প্রতারণা ঠেকাতে অ্যান্ড্রয়েড ও গুগল মেসেজেসে নতুন নিরাপত্তাসুবিধা যুক্ত করছে গুগল। এসব সুবিধার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতারণামূলক বার্তা শনাক্ত করার পাশাপাশি স্ক্রিন শেয়ার করার সময় পাসওয়ার্ড, লগইন তথ্য ও আর্থিক লেনদেনের বিবরণ গোপন রাখা যাবে। এ ছাড়া ব্যবহারকারীর অজান্তে ফোনের কল ফরোয়ার্ডিং চালু করে প্রতারণার সুযোগও সীমিত করবে নতুন নিরাপত্তাব্যবস্থা।
অ্যান্ড্রয়েডে প্রতারণা শনাক্ত ও প্রতিরোধে আগে থেকেই বিভিন্ন সুবিধা রয়েছে। তবে প্রতারকেরা প্রতিনিয়ত নতুন কৌশল ব্যবহার করায় নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানটি নতুন এসব সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। গুগলের ঘোষণা অনুযায়ী, গুগল মেসেজেসে যুক্ত হচ্ছে ‘এনহ্যান্সড প্রটেকশন’ নামের একটি ঐচ্ছিক নিরাপত্তাসুবিধা। এর মাধ্যমে প্রচলিত পদ্ধতিতে শনাক্ত করা কঠিন, এমন জটিল প্রতারণার কৌশলও চিহ্নিত করা যাবে। এ জন্য ক্লাউডে থাকা গুগলের উন্নত জেমিনাই এআই মডেল ব্যবহার করা হবে। এসব মডেল বার্তার বিষয়বস্তু ও প্রতারকদের উদ্দেশ্য বিশ্লেষণ করে সম্ভাব্য হুমকি শনাক্ত করতে পারবে। ফলে সন্দেহজনক বার্তার মাধ্যমে প্রতারণার চেষ্টা করা হলে ব্যবহারকারীরা আগেই সতর্ক হওয়ার সুযোগ পাবেন।
এআই দিয়ে তথ্য বিশ্লেষণের সময় ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টিও গুরুত্ব দিচ্ছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ কাজে ‘প্রাইভেট এআই কম্পিউট’ প্রযুক্তি ব্যবহার করা হবে। এ প্রযুক্তিতে তথ্য এনক্রিপ্ট করে নিরাপদ পরিবেশে বিশ্লেষণ করা হয়। গুগলের দাবি, এ প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি নিজেও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশ করতে পারবে না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তা অক্ষুণ্ন রেখে প্রতারণা শনাক্তে আরও উন্নত এআই মডেল কাজে লাগানো সম্ভব হবে। গুগল মেসেজেসে অপরিচিত লিংক যাচাইয়ের ব্যবস্থাও উন্নত করা হচ্ছে। নতুন ব্যবস্থায় জেমিনি ন্যানো এআই মডেল ওয়েবের তাৎক্ষণিক নিরাপত্তাসংকেত বিশ্লেষণ করে লিংকের সম্ভাব্য ঝুঁকি নির্ধারণে সহায়তা করবে। এর ফলে ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশের আগেই ব্যবহারকারীরা সতর্ক হতে পারবেন।
শুধু মেসেজিং অ্যাপের মধ্যেই নিরাপত্তাসুবিধা সীমাবদ্ধ রাখছে না গুগল। ফোনের নোটিফিকেশনেও সন্দেহজনক বার্তা সম্পর্কে সতর্কবার্তা দেখানোর সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। আগে এ সুবিধা শুধু গুগলের পিক্সেল ফোনে পাওয়া যেত। এবার অনার, ইনফিনিক্স, আইটেল, মটোরোলা, অপো, ওয়ানপ্লাস, রিয়েলমি, টেকনো, ভিভো ও শাওমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যান্ড্রয়েড ফোনেও এটি চালু করা হচ্ছে। ফলে মেসেজিং অ্যাপ খোলার আগেই নোটিফিকেশন থেকে সন্দেহজনক বার্তা সম্পর্কে সতর্ক হতে পারবেন ব্যবহারকারীরা।
গুগলের ঘোষিত নতুন সুবিধাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো স্ক্রিন শেয়ারিংয়ের সময় সংবেদনশীল তথ্য গোপন রাখার ব্যবস্থা। অ্যান্ড্রয়েডে আগে থেকেই স্ক্রিন শেয়ার করার সময় কিছু তথ্য সুরক্ষিত রাখার সুবিধা রয়েছে। এবার এ সুরক্ষাব্যবস্থা গুগল ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড ওয়েবভিউতেও সম্প্রসারণ করা হচ্ছে।
নতুন ব্যবস্থায় স্ক্রিন শেয়ারিং চলাকালে পাসওয়ার্ড, লগইন তথ্য, পেমেন্টের বিবরণসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য স্বয়ংক্রিয়ভাবে আড়াল থাকবে। প্রতারকেরা অনেক সময় ব্যবহারকারীদের কৌশলে স্ক্রিন শেয়ার করতে রাজি করায়। এরপর তাঁদের ব্যাংকিং অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারের নির্দেশনা দিয়ে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। নতুন সুবিধাটি এ ধরনের প্রতারণার ঝুঁকি কমাতে সহায়তা করবে। ফোনের কল ফরোয়ার্ডিং ব্যবহার করে প্রতারণা ঠেকাতেও নতুন ব্যবস্থা আনছে গুগল। প্রতারকেরা অনেক সময় ব্যবহারকারীর অজান্তে তার ফোনে কল ফরোয়ার্ডিং চালু করে দেয়। এতে ফোনে আসা কল ও একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) অন্য নম্বরে চলে যেতে পারে। নতুন নিরাপত্তাব্যবস্থায় কোনো অ্যাপ ব্যবহারকারীর অজান্তে পেছনে থেকে কল ফরোয়ার্ডিং চালু করতে পারবে না।
এ ছাড়া ফোনের ডায়ালারে বিশেষ এমএমআই কোড লিখে কল ফরোয়ার্ডিং চালু করার চেষ্টা করা হলে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা দেখাবে অ্যান্ড্রয়েড। ফলে প্রতারণার ফাঁদে পড়ে এ ধরনের কোড ব্যবহারের আগেই সতর্ক হওয়ার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
সূত্র: অ্যান্ড্রয়েড
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ইউক্রেনের অজান্তেই স্টারলিংক সেবা সীমিত করেন মাস্ক: ওয়াল স্ট্রিট জার্নাল
২১ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪ AM · বাংলা ট্রিবিউন
এক হচ্ছে টেসলা ও স্পেসএক্স! একীভূতকরণের ইঙ্গিত মাস্কের
২১ অক্টোবর, ২০২৬ এ ৯:৩০ AM · বাংলা ট্রিবিউন
২০২৬ সালে ব্যবসার প্রসারে যেভাবে কাজে লাগাবেন সোশ্যাল মিডিয়া
২১ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
ওপেনএআইয়ের সভাকক্ষে আড়ি পাতার যন্ত্র, যুক্তরাষ্ট্রে সৌদি নাগরিক গ্রেফতার
২০ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪ PM · বাংলা ট্রিবিউন
মানুষের মতো দর–কষাকষি করতে এআই এজেন্টকে প্রশিক্ষণ দিচ্ছে অ্যানথ্রপিক
২০ অক্টোবর, ২০২৬ এ ৪:৩০ PM · প্রথম আলো
