শাহজাদপুর সংবাদ

অ্যান্টার্কটিকার সমুদ্রতলে থাকা হাজার হাজার হিমশৈলের মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা

২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM

অ্যান্টার্কটিকার সমুদ্রতলে থাকা হাজার হাজার হিমশৈলের মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা

প্রকৃতির বরফে ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকার তলদেশে লুকিয়ে আছে নানা রহস্য। মহাদেশটির সমুদ্রতলে হাজার হাজার হিমশৈল থাকলেও সেগুলো ওপর থেকে দেখা যায় না। শুধু তা–ই নয়, সমুদ্রের স্রোতে ভেসেও বেড়ায় না হিমশৈলগুলো। ফলে সেগুলোর অবস্থান সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না। এবার স্যাটেলাইট রাডার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা প্রথমবারের মতো লুকানো হিমশৈলগুলোর মানচিত্র তৈরি করেছেন।

বিজ্ঞানীদের তথ্যমতে, অ্যান্টার্কটিকা মহাদেশের উপকূলজুড়ে ৩৯ হাজার ৬১৯টি স্থায়ী হিমশৈল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৯৩ শতাংশ হিমশৈলের আয়তন এক বর্গকিলোমিটারের কম। এই ছোট হিমশৈলগুলো একসঙ্গে অবস্থান করায় অনেকটা বেড়ার মতো কাজ করে। ছোট আকারের এ হিমশৈলগুলো সহজে চোখে না পড়লেও সমুদ্রে বরফ আটকে রাখতে সাহায্য করে। ফলে বাতাসের ধাক্কায় বরফগুলো সহজে ভেঙে যায় না।

গবেষণায় দেখা গেছে, মাত্র ১৪ শতাংশ উপকূলে ৮০ শতাংশ হিমশৈল অবস্থান করছে। উষ্ণ সমুদ্রের প্রভাবে এই ছোট হিমশৈলগুলো দ্রুত গলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অ্যান্টার্কটিকার এই হিমশৈলগুলো সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপরও প্রভাব ফেলে থাকে। হিমশৈলের নতুন এই মানচিত্র জলবায়ু পরিবর্তনের প্রভাব জানতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ