শাহজাদপুর সংবাদ

অনিশ্চয়তার বিশ্বে সুদের হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে সিদ্ধান্ত নেয়?

১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮ AM

অনিশ্চয়তার বিশ্বে সুদের হার নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে সিদ্ধান্ত নেয়?

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ার প্রেক্ষাপটে মুদ্রানীতি নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, নীতিনির্ধারণী কমিটির ভূমিকা এবং জনসাধারণের কাছে সিদ্ধান্তের ব্যাখ্যা তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির বার্ষিক সভার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ব্যাংককে ‘হাউ সেন্ট্রাল ব্যাংকস ডিসাইড— কমিটি ডিসিশন-মেকিং অ্যান্ড কমিউনিকেশন ইন অ্যান এরা অব আনসার্টেইনটি’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের কাঠামো ও কার্যপদ্ধতির পার্থক্য, নীতিনির্ধারণী কমিটিতে মতপার্থক্যের ভূমিকা এবং মুদ্রানীতির বিষয়ে কার্যকর যোগাযোগের বিভিন্ন দিক আলোচনার জন্য নির্ধারিত ছিল। আইএমএফের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, এক ঘণ্টার এ আলোচনায় অংশ নেন সুইস ন্যাশনাল ব্যাংকের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মার্টিন শ্লেগেল, ব্যাংক দ্য ফ্রান্সের গভর্নর এমানুয়েল মুলাঁ এবং সেন্ট্রাল ব্যাংক অব নাইজেরিয়ার গভর্নর ওলায়েমি কার্ডোসোর। সেমিনারটি সঞ্চালনা করেন আইএমএফের প্রথম উপব্যবস্থাপনা পরিচালক ড্যান কাটজ।

আইএমএফের সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল, কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী কমিটির কাঠামো কীভাবে সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে কমিটির আকার, সদস্যদের ভূমিকা এবং সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

কোনও কোনও কেন্দ্রীয় ব্যাংক আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বড় নীতিনির্ধারণী কমিটির ওপর নির্ভর করে। আবার কিছু কেন্দ্রীয় ব্যাংকে তুলনামূলক ছোট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো প্রতিষ্ঠানে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকে গুরুত্ব দেওয়া হয়, অন্যদিকে কিছু প্রতিষ্ঠানে সদস্যদের ভিন্নমত প্রকাশের সুযোগকে প্রাধান্য দেওয়া হয়।

এ ধরনের কাঠামোগত পার্থক্য সুদের হার নির্ধারণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

মুদ্রানীতির সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সেই সিদ্ধান্তের কারণ ও সম্ভাব্য প্রভাব জনসাধারণের কাছে পরিষ্কারভাবে তুলে ধরাও কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদের হার পরিবর্তন, মূল্যস্ফীতির পূর্বাভাস কিংবা অর্থনৈতিক ঝুঁকি সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য বিনিয়োগকারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে।

সেমিনারের ঘোষিত আলোচ্যসূচিতে নীতিনির্ধারণী কমিটির অভ্যন্তরীণ আলোচনা, অর্থনৈতিক পূর্বাভাস এবং ভোটাভুটির তথ্য প্রকাশের মাত্রাও গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে কমিটির প্রধানের প্রভাব এবং কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কর্মকর্তা ও গবেষকদের ভূমিকা কীভাবে সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে, তা পর্যালোচনার বিষয় ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী কমিটিতে সদস্যদের ভিন্নমত থাকলে তা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক ঝুঁকি ও সম্ভাবনা বিবেচনায় সহায়তা করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে জনসাধারণ ও আর্থিক বাজারের কাছে সুস্পষ্ট বার্তা পৌঁছানোও জরুরি।

আইএমএফের সেমিনারে বিভিন্ন দেশের অভিজ্ঞতা তুলনা করে এ দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষার উপায় নিয়ে আলোচনা নির্ধারিত ছিল। বিশেষ করে অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে কীভাবে নীতিগত সিদ্ধান্তের যুক্তি ব্যাখ্যা করা যায় এবং কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব, তা ছিল আলোচনার অন্যতম বিষয়।

বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে চ্যালেঞ্জের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সিদ্ধান্তের কার্যকারিতা শুধু নীতিগত পদক্ষেপের ওপর নির্ভর করে না; সেই সিদ্ধান্ত কীভাবে নেওয়া হচ্ছে এবং তা জনসাধারণের কাছে কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ বিষয়ে কার্যকর পদ্ধতি চিহ্নিত করাই ছিল সেমিনারের ঘোষিত উদ্দেশ্য।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ