শাহজাদপুর সংবাদ

অধিনায়ক বাভুমাই আসল বাভুমা

২১ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩ AM

অধিনায়ক বাভুমাই আসল বাভুমা

নেতৃত্বের আসল পরীক্ষা হয় বিপদের দিনে। গেবেখা টেস্টে টেম্বা বাভুমা সেই পরীক্ষায় উতরে গেলেন দাপটের সঙ্গে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল ১১০ রানে ৬ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমার ৯ ঘণ্টার ম্যারাথন ইনিংসে করেছে ৪২৫ রান। বাভুমা খেলেছেন ১৭৯ রানের ইনিংস, যেটা টেস্টে তাঁর সর্বোচ্চ।

বাভুমা টেস্টের প্রথম দিনে উইকেটে গিয়ে হ্যাটট্রিক বলের মুখোমুখি হয়েছিলেন। মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডরা তখন একেকটা ‘বোমা’ ছুড়ছিলেন। সেসব সামলে ৩৩৪ বলে গড়েছেন এক মহাকাব্যিক ইনিংসের সৌধ।

টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কোনো অধিনায়কের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। জুটি গড়েছেন মার্কো ইয়ানসেন (১৩২), সাইমন হারমারদের (১৮৩) মতো বোলিং অলরাউন্ডারদের সঙ্গে। পুরো ইনিংসটাতেই বাভুমা চাপের মুখে ব্যাটিং করে গেছেন।

এমন চাপই অবশ্য বাভুমার পছন্দ। দায়িত্বই ডানহাতি এই ব্যাটসম্যানের কাছ থেকে সেরাটা বের করে আনে। অধিনায়ক হওয়ার আগে টেস্টে বাভুমার সেঞ্চুরি ছিল মাত্র একটি। সেটিও ঐতিহাসিক। দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম কৃষ্ণাঙ্গ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন বাভুমা। এরপরও সেই সময় তাঁর ব্যাটিং গড় ছিল মাত্র ৩৪। যেটাকে অনেক ভালো বলার সুযোগ নেই।

অধিনায়কত্ব পাওয়ার পর বদলে গেছে তাঁর পরিসংখ্যান। এরপর আরও চারটি সেঞ্চুরি করেছেন এবং ব্যাটিং গড় বেড়ে দাঁড়িয়েছে ৫০-এর বেশি—২৪ ইনিংসে ৫৪.৩৬। তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ১৩টি টেস্টের মধ্যে ১১টি জিতেছে। সেই সাফল্যের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় গত বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়।

অধিনায়ক বাভুমা সিরিজের প্রথম টেস্টে ডারবানে ছিলেন ব্যর্থ। আউট হন ৩ ও ১ রান করে। সেই টেস্টেই প্রথমবার টেস্ট অধিনায়ক হিসেবে হারের স্বাদ পেয়েছেন বাভুমা। তবে তিনি হাল ছাড়ার পাত্র নন। চলমান গেবেখা টেস্টের আগে কয়েক দিন ধরে নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন।

সেই পরিশ্রম মাঠে কাজে লেগেছে। ব্যাটিংয়ে ছন্দ ফিরে পেয়েছেন, দীর্ঘ সময় মনোযোগ ধরে রেখেছেন এবং ইনিংসকে বড় করেছেন। শুধু সেঞ্চুরিই নয়, দারুণ এই ইনিংসে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখলেন বাভুমা।

বাভুমা তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৬ সালে, কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে। সেই সেঞ্চুরি নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে এ সেঞ্চুরি, বাভুমার কাছে কোনটা বেশি প্রিয়—এমন প্রশ্নে বাভুমা এখনো ইংল্যান্ডের বিপক্ষে সেই ইনিংসকেই এগিয়ে রাখেন।

কাল তৃতীয় দিনের খেলা শেষে বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করতে পেরে আমি খুশি। যদিও এখনো পুরো বিষয়টি উপলব্ধি করার সময় পাইনি। তবে অনেক কারণেই ইংল্যান্ডের বিপক্ষে করা সেঞ্চুরিটি সব সময় আমার কাছে সবার ওপরে থাকবে।’

কালকের ইনিংসটির তাৎপর্য ব্যাখ্যা করে বাভুমা বলেন, ‘আমি যখন ব্যাট করতে নামি, তখন পরিস্থিতি বেশ কঠিন ছিল। আকাশের অবস্থা ও উইকেট—দুটিই বোলারদের পক্ষে ছিল। এমন পরিস্থিতিতে আমি আগেও বেশ কয়েকবার পড়েছি। আমার মনে হয়, এসব পরিস্থিতিতেই আমি নিজের সেরাটা দিতে পারি।’

বাভুমা আরও বলেন, ‘আমি ক্রিজে টিকে থাকার চেষ্টা করেছি। দলকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যেতে আমি গর্ববোধ করি। তবে এবার ব্যক্তিগতভাবে একটা বিষয় ছিল আলাদা। দলকে বিপদ থেকে উদ্ধার করার পাশাপাশি বড় একটা ইনিংসও খেলতে পেরেছি। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য খুব ভালো লাগার বিষয়।’

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ