স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
২৮ অক্টোবর, ২০২৬ এ ৩:০৩ AM

স্বাস্থ্য খাতে আগামী ১৫ দিনে প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে উল্লেখ করে দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, এই বিপুল অর্থের একটি পয়সাও যেন দুর্নীতি বা অপচয়ের শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর ডেইলি স্টার ভবনে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন আয়োজিত নাগরিক সংলাপ ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে নগরের শিশুস্বাস্থ্য : সংকট ও সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতের অনিয়ম প্রতিরোধে গণমাধ্যম ও নাগরিক সমাজকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রোগের ক্ষেত্রে যেমন প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়, তেমনি দুর্নীতির ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করতে হবে।
তিনি বলেন, অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতির বহু প্রমাণ ও অভিযোগ ছিল। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বাজেট বাড়ালেও সেই অর্থ যেন অতীতের মতো দুর্নীতির ‘ব্ল্যাকহোলে’ হারিয়ে না যায়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতা নীতি পুনর্ব্যক্ত করে ড. এম এ মুহিত বলেন, দুর্নীতির কোনো খবর পাওয়া গেলে কঠোর হাতে তা দমন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সরকার অত্যন্ত আন্তরিক।
স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত পরিবেশে কার্যক্রম পরিচালনার স্বার্থে গণমাধ্যমকর্মীদের সবসময় সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আনিসুর রহমান খোকন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওশনুল ইসলাম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরী। খবর: বাসস
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: মাহ্দী আমিন
৪ নভেম্বর, ২০২৬ এ ৭:০৮ PM · বাংলা ট্রিবিউন
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:০২ PM · প্রথম আলো
স্বাস্থ্য ব্যয় মেটাতে ৪২ শতাংশ মানুষ হিমশিম খাচ্ছে
২৯ অক্টোবর, ২০২৬ এ ২:২১ PM · প্রথম আলো
প্রতিবন্ধী অধিকারবিষয়ক সংসদীয় ককাস গঠন, কী করবেন তারা
২৮ অক্টোবর, ২০২৬ এ ৭:২৮ PM · বাংলা ট্রিবিউন
মুক্তিযোদ্ধার দাফনে বাধাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বললেন তথ্য উপদেষ্টা
২৭ অক্টোবর, ২০২৬ এ ৩:৫১ PM · বাংলা ট্রিবিউন
থামছে না মৃত্যুর মিছিল: ডেঙ্গু-হাম কি ‘গা-সওয়া’ হয়ে উঠছে?
২৪ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
