সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে তরুণের মৃত্যু
৩ অক্টোবর, ২০২৬ এ ১২:০৫ PM

সাতক্ষীরা শহরে দোকানদারের সঙ্গে কয়েকজন তরুণের মারামারি থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া খান (১৯) সাতক্ষীরা সদরের বেকারি ব্যবসায়ী আবদুল গফুরের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহর মামাতো ভাই।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাকারিয়া তাঁর মামার দোকানে গিয়েছিলেন। দোকান বন্ধ হওয়ার পর মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে একটি জটলা দেখতে পান। সেখানে কয়েকজন তরুণকে এক দোকানদারের সঙ্গে মারামারি করতে দেখে জাকারিয়া তাঁদের থামাতে যান। এ সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ বলেন, ‘একজন মানুষ অন্যায় থামাতে গিয়ে যদি জীবন হারায়, তাহলে ভবিষ্যতে কেউ অন্যায় দেখেও এগিয়ে আসতে ভয় পাবে। শহরটা দিন দিন অনিরাপদ হয়ে যাচ্ছে। আমরা চাই, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।’
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের আইনের আওতায় আনা হবে। ময়নাতদন্তের জন্য জাকারিয়ার মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নেতৃত্ব নিয়ে গুরু–শিষ্যের দ্বন্দ্ব
৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৫২ AM · প্রথম আলো
ঢাকায় মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে হাতকড়া পরিয়ে নেওয়ার ঘটনায় পুনর্বাসন কেন্দ্রের দুই কর্মী আটক
৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৭ AM · প্রথম আলো
জন্মের তিন দিনের মাথায় মা, এবার ডেঙ্গুতে বাবাকে হারাল ৯ বছরের আরফা
৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৩ PM · প্রথম আলো
