সলঙ্গা বাজারে গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান
৩ অক্টোবর, ২০২৬ এ ৫:০৫ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।অভিযানকালে সলঙ্গা বাজারের বিভিন্ন গ্যাস সিলিন্ডারের ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে বিক্রয়মূল্য, সরবরাহ পরিস্থিতি এবং বাজারদর তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।অভিযান সংশ্লিষ্টরা জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না। এ বিষয়ে সিলিন্ডার ব্যবসায়ী নেতৃবৃন্দকেও সতর্ক করা হয় এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে আহ্বান জানানো হয়।অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স নাঈম ট্রেডার্সের মালিক মো. আজিজুল হককে ১০ হাজার টাকা এবং আলিম ইলেকট্রনিকসের মালিক মো. আবদুল কুদ্দুসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া বাজারের বিভিন্ন স্থানে গ্যাস সিলিন্ডারের বর্তমান বাজারদর ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post সলঙ্গা বাজারে গ্যাস সিলিন্ডারের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিয়ে আলোচনা সভা
৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৮৫২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান
৮ অক্টোবর, ২০২৬ এ ৯:১০ PM · Channel i Online
শাহজাদপুরে ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ
৮ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৩ PM · https://www.dainiksokal.com/
